রংপুরে ‘ককটেল’ বিস্ফোরণের পৃথক ঘটনায় চার কিশোর আটক

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ২০:২৬

রংপুর নগরীসহ দুই উপজেলায় ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ চার কিশোরকে আটক করেছে। কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা পুলিশের।

এ ঘটনার প্রতিবাদে সোমবার রাতে নগরীতে বিক্ষোভ করেছে যুবদল।

জানা যায়, সোমবার রাত সাড়ে ১১টায় নগরীর কোতয়ালী থানার বিএনসিসি মোড়ে একটি ককটেল বিস্ফোরিত হয় এবং অপরটি জেলার মিঠাপুকুর থানার সামনে ওভারব্রিজের নিচে চারটি ককটেল নিক্ষেপ হলেও বিস্ফোরিত হয়নি। মিঠাপুকুর থেকে উদ্ধার করা পাঁচটি ককটেল সাদৃশ্য বস্তুর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছিল। বাকি চারটি অবিস্ফোরিত অবস্থায় ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবিস্ফোরিত বস্তুগুলো উদ্ধার করে নিস্ক্রিয় করে।

অপরদিকে গঙ্গাচড়া সরকারি কলেজের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন চার কিশোরকে আটক করেছে পুলিশ।

গঙ্গাচড়া মডেল থানার উপ-পরিদর্শক মশিউর রহমান বলেন, আটক কিশোরদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আজ মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী বলেন, ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তবে পটকা জাতীয় কিছু ফুটতে পারে।

ইত্তেফাক/এপি