দ্বিতীয় সন্তান জন্মের মাত্র তিন দিনের মাথায় ফেনী শহরে একটি ছয়তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে আহমেদুর রহমান আকাশ (৩০) নামে বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) রাত ১১টার দিকে শহরের পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকার ডাক্তার ডানহাম গলিতে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা এই মৃত্যুকে রহস্যজনক দাবি করে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
নিহত আহমেদুর রহমান আকাশ চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওছমানপুর ইউনিয়নের আজমপুর গ্রামের আনোয়ারুল ইসলাম বাহারের ছেলে। তিনি চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) সাবেক শিক্ষার্থী ছিলেন এবং বহুজাতিক প্রতিষ্ঠান নেসলেতে এরিয়া নিউট্রিশন অফিসার হিসেবে কর্মরত ছিলেন। কর্মসূত্রে তিনি ফেনী শহরের পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকার ‘মায়ের দোয়া শান্তি মহল’ ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে স্ত্রী ও সন্তানসহ ভাড়া থাকতেন।
পারিবারিক সূত্রে জানা যায়, দ্বিতীয় সন্তান প্রসবের সময় ঘনিয়ে আসায় এক সপ্তাহের ছুটি নিয়ে প্রথম সন্তানসহ স্ত্রীকে চট্টগ্রামের বাবার বাড়িতে রেখে আসেন আকাশ। মাত্র তিন দিন আগে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তাদের দ্বিতীয় সন্তানের জন্ম হয়। তাদের এক বছর বয়সী আরেকটি কন্যাসন্তান রয়েছে।
সোমবার দুপুরের পর চট্টগ্রাম থেকে কর্মস্থল ফেনীর বাসার উদ্দেশে রওনা হন আকাশ। স্বজনদের ভাষ্যমতে, বিকেল থেকেই আকাশের ব্যক্তিগত মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছিল। পরিবারের সদস্যরা একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাননি। অবশেষে রাত ১১টার দিকে ভবনের ছাদ থেকে নিচে পড়ে তার মৃত্যুর সংবাদ পান তারা।
নিহতের খালু বাহা উদ্দিন মোরশেদ জানান, সাংসারিক জীবনে আকাশ অত্যন্ত সুখী ছিলেন এবং মাত্র তিন দিন আগেই তার ঘরে নতুন সন্তানের আগমন ঘটেছে। এমন আনন্দঘন মুহূর্তে তিনি কেন বা কীভাবে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে মারা যাবেন, তা অত্যন্ত রহস্যজনক ও অবিশ্বাস্য। ঘটনার প্রকৃত কারণ উন্মোচনে যথাযথ তদন্তের জোর দাবি জানান তিনি।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
ওসি আরও জানান, ভবনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, আকাশ একাই নিজের ফ্ল্যাটের দরজায় তালা লাগিয়ে ছাদের দিকে উঠেছিলেন। ঘটনার দিন বেলা ৩টার পর থেকেই পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় স্বজনরা তার সন্ধানে এক আত্মীয়কে চট্টগ্রাম থেকে ফেনীর বাসায় পাঠান। ওই আত্মীয় রাতে ভবনে পৌঁছানোর পরপরই ছাদ থেকে নিচে পড়ে আকাশের মৃত্যুর ঘটনা ঘটে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন এবং পারিপার্শ্বিক তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।
