কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর নতুন স্মৃতিকথা ‘বিলংগিং : আ জার্নি অব লাভ’-এ উঠে এসেছে ভারতের রাজনীতির ছয় দশকের নানা উত্থান-পতন, গান্ধী পরিবারের ব্যক্তিগত শোক ও বর্তমান রাজনৈতিক মেরুকরণের চিত্র।
মঙ্গলবার (১০ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে বহুল প্রতিক্ষীত বইটি।
হার্পারকলিন্স ইন্ডিয়া প্রকাশিত ৫৪৪ পৃষ্ঠার এই বইয়ে নিজের জীবনের গুরুত্বপূর্ণ নানা ঘটনা তুলে ধরেছেন সোনিয়া গান্ধী। এর মধ্যে রয়েছে স্বামী রাজীব গান্ধীর হত্যাকাণ্ড, ক্যানসারের সঙ্গে লড়াই এবং ২০০৪ সালে প্রধানমন্ত্রীর পদ গ্রহণ না করার কারণ।
পাশাপাশি ভারতের ইতিহাসের বিতর্কিত কিছু অধ্যায়, যেমন ১৯৮৪ সালের অপারেশন ব্লু স্টার, ১৯৭৫ সালের জরুরি অবস্থা এবং ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসের ঘটনাও উঠে এসেছে স্মৃতিকথায়।
বইটিতে সোনিয়া গান্ধীর জীবনের বেশ কিছু গুরুত্বপূর্ণ ও চমকপ্রদ তথ্য উঠে এসেছে। সেগুলোর কয়েকটি হলো:
জরুরি অবস্থা জারি করা ভুল সিদ্ধান্ত ছিল: সোনিয়া গান্ধী
১৯৭৫ সালে ভারতে জরুরি অবস্থা জারির সিদ্ধান্তকে ভুল বলে উল্লেখ করেছেন সোনিয়া গান্ধী। তার মতে, তার শাশুড়ি ও তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও পরবর্তী সময়ে নিজের এই সিদ্ধান্তকে ভুল বলে আখ্যায়িত করেছিলেন। সোনিয়া লিখেছেন, সঞ্জয় গান্ধীকে নিয়ন্ত্রণে রাখা গেলে জরুরি অবস্থা জারির পর সৃষ্ট অনেক ক্ষতি এড়ানো সম্ভব হতো।
স্মৃতিকথা প্রকাশের আগে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে সোনিয়া বলেন, ‘আমার সব সময় মনে হয়, শ্রীমতী (ইন্দিরা) গান্ধী মনেপ্রাণে একজন গণতন্ত্রপন্থী ছিলেন। অনেকেই হয়তো এ কথা শুনে হাসবেন। কিন্তু আমার বিশ্বাস, জরুরি অবস্থার পথে এগিয়ে যেতে তিনি কখনোই স্বস্তি বোধ করেননি। আমার মনে হয়, বিষয়টি তাকে ভেতরে ভেতরে ভীষণভাবে পীড়া দিত।’
সোনিয়ার ভাষ্য অনুযায়ী, জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত পরিবারেও বিভক্তি তৈরি করেছিল। তার স্বামী রাজীব গান্ধী এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন। তিনি মাকে পরবর্তী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দিয়েছিলেন। তবে ছোট ছেলে সঞ্জয় গান্ধী জরুরি অবস্থা জারির পক্ষে ছিলেন। এক পারিবারিক নৈশভোজে তিনি যুক্তি দিয়েছিলেন, বিরোধীরা তার মাকে ধ্বংস করে দেবে। তাই তাদের থামানো জরুরি। সঞ্জয় মাকে বলেছিলেন, ‘তাদের অবশ্যই থামাতে হবে।’
বাবরি মসজিদ ধ্বংস ভারতের রাজনীতিতে মোড় ঘুরিয়ে দেয়
১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসের ঘটনাকে ভারতের রাজনৈতিক যাত্রার একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বর্ণনা করেছেন সোনিয়া গান্ধী। তার মতে, এ ঘটনা বিজেপি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) ক্রমবর্ধমান প্রভাবের ইঙ্গিত দিয়েছিল।
স্মৃতিকথায় সোনিয়া লিখেছেন, ‘বেশ কয়েক বছর ধরেই স্পষ্ট হয়ে উঠেছিল যে বিজেপি-আরএসএস এবং তাদের সহযোগী সংগঠনগুলো বিভাজনের রাজনীতি বাস্তবায়নে একনিষ্ঠভাবে কাজ করছে। ১৯৯২ সালে বাবরি মসজিদের মর্মান্তিক ধ্বংস এবং এর পরবর্তী সাম্প্রদায়িক সহিংসতার ধারাবাহিকতা ছিল এর সুস্পষ্ট প্রমাণ। এসব সংগঠন আর পর্দার আড়ালে থেকে কাজ করতে চাইছিল না। বিজেপি তখন নিরঙ্কুশ ক্ষমতা অর্জনের স্বপ্নের আরও কাছাকাছি পৌঁছে যাচ্ছিল।’
দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে সোনিয়া গান্ধী স্মরণ করেন, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙার দৃশ্য টেলিভিশনে দেখে তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন। তার উপলব্ধি হয়েছিল, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু এবং ভারতের প্রতিষ্ঠাতা প্রজন্মের অন্য নেতাদের ধর্মনিরপেক্ষতার আদর্শ ধরে রাখতে দীর্ঘ সংগ্রাম করতে হবে।
সোনিয়ার এই বক্তব্য প্রকাশের পর বিজেপির সঙ্গে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।
কেন প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব নাকচ করে দেন
২০০৪ সালের সাধারণ নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট জয়ী হওয়ার পর প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব পেয়েছিলেন সোনিয়া গান্ধী। কিন্তু তিনি সেই প্রস্তাব গ্রহণ করেননি। পরিবর্তে দলের জ্যেষ্ঠ নেতা মনমোহন সিংকে সরকারপ্রধান হিসেবে বেছে নিয়েছিলেন।
স্মৃতিকথায় এমন সিদ্ধান্তের কারণও ব্যাখ্যা করেছেন সোনিয়া। মনমোহন সিংকে ‘প্রশ্নাতীত সততার অধিকারী এবং রাষ্ট্র পরিচালনা সম্পর্কে গভীর জ্ঞানসম্পন্ন’ ব্যক্তি হিসেবে বর্ণনা করেছেন তিনি।
তার মতে, কংগ্রেসের কোনো নির্দিষ্ট গোষ্ঠীর সঙ্গে মনমোহন সিংয়ের ঘনিষ্ঠতা ছিল না। পাশাপাশি বামপন্থি দলগুলোর সমর্থনে সরকার পরিচালনার ক্ষেত্রেও তিনি উপযুক্ত ব্যক্তি ছিলেন।
সোনিয়া লিখেছেন, ‘দলের কোনো নির্দিষ্ট শিবিরের সঙ্গে তার সম্পর্ক ছিল না। একটা সময় কংগ্রেসকে মধ্য-বামপন্থি দল হিসেবে তুলে ধরা হয়েছিল। এখন আমাদের সরকার কমিউনিস্ট দলগুলোরও সমর্থন পেতে যাচ্ছিল। আমার মনে হয়েছিল, ড. মনমোহন সিং অনেকের মধ্যে থাকা এই সংশয় দূর করতে পারবেন যে, আমরা সরকার পরিচালনা করতে এবং কয়েক বছর আগে শুরু হওয়া নীতিগুলো অব্যাহত রাখতে সক্ষম কি না।’
ইতালিতে ক্যানসারের চিকিৎসার অভিজ্ঞতা
স্মৃতিকথায় নিজের শারীরিক অসুস্থতা ও চিকিৎসার অভিজ্ঞতাও তুলে ধরেছেন সোনিয়া গান্ধী। এর মধ্যে রয়েছে ২০১০ সালে তার স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার ঘটনা এবং এর এক বছর পর অগ্ন্যাশয়ে একটি টিউমার বা অস্বাভাবিক বৃদ্ধি শনাক্ত হওয়ার বিষয়টি।
তিনি লিখেছেন, স্তন ক্যানসার শনাক্ত হওয়ার আগে মাঝেমধ্যে হাঁপানি, অ্যালার্জি ও পেটের সমস্যায় ভুগতেন। তবে বড় ধরনের কোনো স্বাস্থ্যগত জটিলতা ছিল না।
সোনিয়া স্মৃতিচারণ করে লিখেছেন, ‘তারপরও আমি ভীষণভাবে ভেঙে পড়েছিলাম এবং উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। আমার সন্তানদের ও আমাকে জানানো হয়েছিল, সময় নষ্ট করার সুযোগ নেই। তখন আমার মনে নানা ধরনের ভয়ংকর আশঙ্কা ঘুরপাক খেতে শুরু করে।’
চিকিৎসার জন্য ইতালির মিলানের কাছেই অবস্থিত ইউরোপিয়ান ইনস্টিটিউট অব অনকোলজিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন একজন জ্যেষ্ঠ কর্মকর্তা, দুই সন্তান রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী, প্রিয়াঙ্কার স্বামী রবার্ট ভদ্র এবং তার বোনেরা। বিশিষ্ট শল্যচিকিৎসক উমবার্তো ভেরোনেসির তত্ত্বাবধানে তার অস্ত্রোপচার করা হয়।
অপারেশন ব্লু স্টারের পর বাড়িতে গ্রেনেড পাওয়ার ঘটনা
১৯৮৪ সালে অমৃতসরের স্বর্ণমন্দিরে ভারতীয় সেনাবাহিনীর ‘অপারেশন ব্লু স্টারে’র পর নিজেদের বাড়ির একটি কক্ষে গ্রেনেড খুঁজে পাওয়ার ভয়ংকর অভিজ্ঞতার কথা লিখেছেন সোনিয়া গান্ধী।
ভারতের ইতিহাসের অন্যতম অস্থির ও রক্তক্ষয়ী অধ্যায় ছিল এই সামরিক অভিযান। ওই সময় গান্ধী পরিবারের মধ্যে যে নিরাপত্তাহীনতা ও অনিশ্চয়তা তৈরি হয়েছিল, স্মৃতিকথায় তারও কিছু চিত্র তুলে ধরেছেন তিনি।
অভিযানটি তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকেও গভীরভাবে নাড়া দিয়েছিল বলে জানিয়েছেন সোনিয়া। ১৯৮৪ সালের জুনে স্বর্ণমন্দিরের ভেতরে অভিযান-পরবর্তী ধ্বংসযজ্ঞের ছবি প্রথমবার ইন্দিরা গান্ধীকে দেখানো হলে তাঁর চোখ বেয়ে পানি গড়িয়ে পড়েছিল বলে স্মৃতিকথায় উল্লেখ করেছেন সোনিয়া।
ইন্দিরা গান্ধীকে ভয় পেতেন সোনিয়া
নেহরু-গান্ধী পরিবারে বিয়ের পর শুরুর দিনগুলো সব সময় সহজ ছিল না বলে স্মৃতিচারণ করেছেন সোনিয়া গান্ধী। বিশেষ করে শাশুড়ি ইন্দিরা গান্ধীর রাগের বিষয়টি বুঝে উঠতে তার সময় লেগেছিল।
স্মৃতিকথায় ইন্দিরার মাঝেমধ্যে রেগে যাওয়ার ঘটনা তুলে ধরেছেন তিনি। তার রাগে পরিবারের সদস্যদের পাশাপাশি কর্মীরাও ভয় পেতেন।
একবার একটি অ্যাপয়েন্টমেন্টের কথা মনে করিয়ে দিতে ভুলে যাওয়ায় এক কর্মীকে ঘরের এক কোণে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। অন্য এক ঘটনায় সোনিয়া দেখেছিলেন, কংগ্রেসের একজন জ্যেষ্ঠ নেতাকে দেয়ালের দিকে মুখ করে দাঁড়ানোর নির্দেশ দিয়েছিলেন ইন্দিরা।
সোনিয়া লিখেছেন, ‘তবে তাকে ভালোভাবে জানার আগপর্যন্ত আমি নিজের আসনে বসেই ভয়ে কাঁপতাম।’
ইউপিএ সরকারে নিজের প্রভাব খাটানোর অভিযোগের জবাব
মনমোহন সিংয়ের প্রধানমন্ত্রীত্বের সময় সোনিয়া গান্ধী নেপথ্যে থেকে সরকার পরিচালনা করতেন বা ‘ব্যাক-সিট ড্রাইভার’ হিসেবে ভূমিকা রাখতেন, স্মৃতিকথায় এমন অভিযোগেরও জবাব দিয়েছেন তিনি।
সোনিয়ার ভাষ্য, তাদের মধ্যে দায়িত্বের একটি অলিখিত বিভাজন ছিল। মনমোহন সিং সরকার পরিচালনা করতেন, আর তিনি কংগ্রেস দল পরিচালনার দায়িত্ব পালন করতেন।
সরকারের প্রশাসনিক কাজে হস্তক্ষেপ কিংবা সরকারি নথিপত্র দেখার অভিযোগ অস্বীকার করেছেন তিনি। তার দাবি, নিজের অবস্থানের সীমারেখা সম্পর্কে তিনি সচেতন ছিলেন এবং তা মেনে চলেছেন।
প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন প্রণব মুখার্জি
সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে ২০১০ সালের একটি কথোপকথনের কথাও স্মৃতিকথায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী। সোনিয়া বলেছেন, ওই কথোপকথনের একপর্যায়ে প্রণব মুখার্জি বলেছিলেন, ‘শীর্ষ পর্যায়ে পরিবর্তনের সময় এসেছে।’
সোনিয়ার ধারণা, এর মাধ্যমে প্রণব মুখার্জি প্রধানমন্ত্রী হওয়ার দীর্ঘদিনের আকাঙ্ক্ষার ইঙ্গিত দিয়েছিলেন। তবে তিনি বিষয়টি এড়িয়ে যেতে ‘কৌশলে অন্য প্রসঙ্গে কথা শুরু করেন’। সোনিয়া লিখেছেন, তার এই প্রতিক্রিয়ায় প্রণব মুখার্জি কখনো অসন্তুষ্টি প্রকাশ করেননি।
মোদির সঙ্গে তেমন কোনো যোগাযোগ নেই
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে গত ১২ বছরে তার ‘প্রায় কোনো বাস্তব যোগাযোগই হয়নি’ বলে স্মৃতিকথায় লিখেছেন সোনিয়া গান্ধী।
তার ভাষ্য, সংসদের স্পিকারের ছোট কক্ষসহ বিভিন্ন জায়গায় দুজনের দেখা হলেও মোদি সাধারণত তার দিকে তাকান না এবং চোখাচোখি এড়িয়ে যান। আনুষ্ঠানিক অনুষ্ঠানে দেখা হলে তাদের কথাবার্তা মূলত সৌজন্য বিনিময়ের মধ্যেই সীমাবদ্ধ থাকে।
তবে একবার হাসপাতালে ভর্তি থাকার পর মোদি সংক্ষেপে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছিলেন বলে স্বীকার করেছেন সোনিয়া।
প্রথম সন্তান হারানোর বেদনাদায়ক স্মৃতি
স্মৃতিকথার সবচেয়ে ব্যক্তিগত ও আবেগঘন বিষয়গুলোর একটি হলো ১৯৬৯ সালে প্রথম সন্তান হারানোর ঘটনা। সোনিয়া লিখেছেন, তার প্রথম সন্তান নির্ধারিত সময়ের আগেই জন্মগ্রহণ করেছিল এবং জন্মের কিছুক্ষণের মধ্যেই মারা যায়। সেই বেদনাদায়ক অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি জানান, সন্তানের মরদেহ সমাহিত করার বিষয়ে তিনি অনড় ছিলেন।
মানেকা গান্ধীর সঙ্গে সম্পর্কের অবনতির কারণ
দেবর সঞ্জয় গান্ধীর স্ত্রী মানেকা গান্ধীর সঙ্গে সম্পর্কের অবনতির ঘটনাও স্মৃতিকথায় তুলে ধরেছেন সোনিয়া। তার ভাষ্য, শুরুতে দুজনের সম্পর্ক ভালো থাকলেও সময়ের সঙ্গে তা তিক্ত হয়ে ওঠে।
১৯৭৪ সালে মাত্র ১৮ বছর বয়সে সঞ্জয় গান্ধীকে বিয়ে করে গান্ধী পরিবারে আসেন মানেকা। পরিবারের ছোট বউ বা ‘ছোটি বহু’ হিসেবে পরিচিত ছিলেন তিনি।
সোনিয়া লিখেছেন, সময়ের সঙ্গে তাদের মধ্যে মতবিরোধ ও ঝগড়া বাড়তে থাকে। এমনকি ইন্দিরা গান্ধীর সামনেও মানেকা কখনো কখনো কঠোর ও অশালীন ভাষা ব্যবহার করতেন।
১৯৮০ সালের জুনে বিমান দুর্ঘটনায় সঞ্জয় গান্ধীর মৃত্যুর পর মানেকার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষাকে কেন্দ্র করে উত্তেজনা আরও বাড়ে। তখন মানেকার বয়স ছিল ২৩ বছর। তার তিন মাস বয়সি একটি সন্তানও ছিল। ইন্দিরা গান্ধী মনে করতেন, নেতৃত্বের দায়িত্ব নেওয়ার জন্য মানেকা তখনো অনেক ছোট।
১৯৮২ সালে এই বিরোধ আরও গভীর হয়। সে সময় ইন্দিরা গান্ধী লন্ডনে থাকাকালে মানেকা নিজের জিনিসপত্র বাড়ি থেকে সরিয়ে নিতে শুরু করেন।
সোনিয়ার দাবি, পরবর্তী সময়ে মানেকা তাকে ও রাজীব গান্ধীকে শত্রু হিসেবে বিবেচনা করতে শুরু করেন। এমনকি তাদের সম্পর্কে বিভিন্ন নেতিবাচক তথ্য সাংবাদিকদের কাছেও ফাঁস করতেন তিনি।
