উড্ডয়নের আগমুহূর্তে এয়ার ইন্ডিয়ার বিমানে ছিনতাই আতঙ্ক

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১৪:০৩

কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে বিমান ছিনতাইয়ের হুমকির খবরে আতঙ্কের সৃষ্টি হয়েছে। বুধবার (১১ নভেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিমানটির শৌচাগারের আয়নায় ছিনতাই সংক্রান্ত একটি হুমকিমূলক বার্তা লেখা দেখতে পান সংশ্লিষ্টরা।

উড্ডয়নের প্রস্তুতি নেওয়ার সময় শৌচাগারের আয়নায় লিখিত বার্তাটি নজরে আসলে চালক অবিলম্বে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) বিষয়টি জানান।

খবর পাওয়ার পরপরই বিমানটিকে একটি আইসোলেশন বে-তে সরিয়ে নেওয়া হয়। সেখানে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) এবং বিমানবন্দরের বিশেষ নিরাপত্তাকর্মীরা একটি নিবিড় তল্লাশি অভিযান শুরু করেন। কোনো সন্দেহজনক বস্তুর উপস্থিতি শনাক্ত করতে বিমানের প্রতিটি অংশ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হচ্ছে।

কারা এই হুমকিমূলক বার্তা লিখেছে এবং এর পেছনে কারা থাকতে পারে তা নির্ধারণ করতে পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো তদন্ত শুরু করেছে।

কর্তৃপক্ষ বর্তমানে বিমানবন্দর প্রাঙ্গণ এবং বিমানের ভেতরে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখছে।

সূত্র: এনডিটিভি

ইত্তেফাক/টিএইচ