গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১৬:০১

গাজীপুরের কালিয়াকৈরে সফিপুর উড়াল সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় এক পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন স্বামী, স্ত্রী ও সন্তান। বুধবার (১১ নভেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উড়াল সেতুটিতে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় জানা যায়নি।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, একই পরিবারের তিনজন কোনাবাড়ী থেকে মোটরসাইকেলে চড়ে চন্দ্রার দিকে যাচ্ছিলেন। পথে সফিপুর উড়াল সেতুর ওপর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে নাওজোর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।

নাওজোর হাইওয়ে থানার ওসি মঞ্জুর মোর্শেদ বলেন, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা একই পরিবারের সদস্য। নিহতদের মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।  

ইত্তেফাক/আরএইচ