কিংবদন্তি বাবার নামের প্রতি সুবিচার করার পাশাপাশি তাকে দেওয়া কথাও রাখলেন আরিয়াভির শেওয়াগ। ভিরেন্দর শেওয়াগকে দেওয়া প্রতিশ্রুতি পূরণে যুব এশিয়া কাপে ১৯ বছর বয়সি এই ব্যাটার খেললেন ১৬৮ বলে ১৬০ রানের এক বিধ্বংসী ইনিংস। ১৭ চার আর ৭ ছক্কার এই মহাকাব্যিক ইনিংসে সংযুক্ত আরব আমিরাতকে ৭০ রানে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে পা রাখল ভারত অনূর্ধ্ব-১৯ দল।
চলমান যুব এশিয়া কাপে শুরু থেকেই আলো ছড়াচ্ছেন কিংবদন্তি শেওয়াগের পুত্র। টুর্নামেন্টের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে রান তাড়ায় ১২৯ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলতে ৫২ বলে অপরাজিত ৭০ রানের ইনিংস খেলে দলকে জিতিয়েছিলেন তিনি।
যদিও দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাত্র ২২ রান করে আউট হন এবং ভারতও ম্যাচটি হেরে বসে। ফলে আরব আমিরাতের বিপক্ষে ম্যাচটি ভারতের জন্য হয়ে দাঁড়ায় বাঁচা-মরার লড়াই।
এমন চাপের ম্যাচে ওপেনিংয়ে নেমে দারুণ দৃঢ়তা দেখান আরিয়াভির। শুরুর দিকে কিছুটা সময় নিয়ে থিতু হন উইকেটে; প্রথম রানের খাতা খুলতে তার লেগেছিল ১৪ বল। এরপর ধীরে ধীরে ইনিংসের গতি বাড়িয়ে ৬৯ বলে ফিফটি এবং ১৩১ বলে স্পর্শ করেন সেঞ্চুরি। তবে আসল ঝড়টা ওঠে শতক পূর্ণ করার পরেই-সেঞ্চুরি থেকে দেড়শ রানের কোঠায় পৌঁছাতে তার কেবল ২৯ বলের প্রয়োজন হয়।
শেষ পর্যন্ত ৫০ ওভারে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৩০৯ রান, জবাবে আরব আমিরাত ২৩৯ রানে থেমে গেলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ভারত।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজের ইনিংসের পরিকল্পনা ও অনুভূতির কথা জানান আরিয়াভির। তিনি বলেন, ‘খুবই ভালো লাগছে। ইনিংস শুরু করার সময় আমার ভাবনা ছিল দীর্ঘসময় উইকেটে টিকে থাকা এবং ৪০-৫০ ওভার পর্যন্ত ব্যাট করা। উইকেট বেশ চ্যালেঞ্জিং ছিল, কারণ বল টার্ন করছিল। তবে সবকিছু ভালোভাবে হয়েছে, আমি খুব খুশি। শুরুতে কিছু ডট বল খেললেও আমার বিশ্বাস ছিল পরে তা পুষিয়ে নিতে পারব।’
বাবার মতোই আগ্রাসী মানসিকতা ও বাউন্ডারি হাঁকানোর সহজাত প্রবণতা রয়েছে আরিয়াভিরের ব্যাটিংয়ে। এর আগে ঘরোয়া ক্রিকেটেও বড় ইনিংস খেলার সামর্থ্য প্রমাণ করেছেন তিনি; কুচবিহার ট্রফিতে করেছিলেন ২৯৭ রান এবং ভিনোদ মানকাড ট্রফিতে ১৭৩।
বাবাকে দেওয়া প্রতিশ্রুতির কথা স্মরণ করে এই ম্যাচসেরা তরুণ ব্যাটার আরও বলেন, ‘আমি বড় ইনিংস খেলতে চেয়েছিলাম। বাবাকে কথা দিয়েছিলাম, বড় সেঞ্চুরি করব, কারণ তিনি কেবল বড় সেঞ্চুরিগুলোকেই গুরুত্ব দেন। তাকে খুশি করার জন্য সেঞ্চুরির পর দেড়শ পর্যন্ত পৌঁছানোটা জরুরি ছিল। তা করতে পেরে সত্যিই খুব ভালো লাগছে।’
