চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিএনপির সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনের নিজ ইউনিয়নে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
বুধবার (১১ নভেম্বর) সকালে মতলব উত্তর থানার ওসি মানস বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।
তবে কে বা কারা এ ঘটনায় জড়িত তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনার পেছনে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।
কার্যালয়ের তদারকির দায়িত্বে থাকা ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাখাওয়াত হোসেন বলেন, গতরাত (মঙ্গলবার) রাত আড়াইটার দিকে আমাদের দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দলীয় কার্যালয়টি পাকা সড়কের পাশে হওয়ায় স্থানীয় এক অটোরিকশাচালক এ পথে যাওয়ার সময় আগুন দেখতে পান। এতে অল্প ক্ষয়ক্ষতির মধ্যেই আগুন নেভানো সম্ভব হয়েছে।
অভিযোগ করে তিনি আরও বলেন, স্থানীয় আওয়ামী (কার্যক্রম নিষিদ্ধঘোষিত) স্বৈরাচাররাই আমাদের পার্টি অফিসে আগুন লাগিয়েছে এটা আমি শতভাগ নিশ্চিত। এর আগে আওয়ামী শাসনামলে ২০১৮ সালেও তারা আমাদের দলীয় এই কার্যালয়ে আগুন দিয়েছিল তারা।
স্থানীয় ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল পাটোয়ারী বলেন, আমরা পরিচ্ছন্ন রাজনীতি বিশ্বাসী কিন্তু এ ধরনের দলীয় কার্যালয়ের অগ্নিসংযোগের বিষয়টি সত্যি দুঃখজনক।
মতলব উত্তর থানার ওসি মানস বড়ুয়া জানান, খবর পেয়ে আমি নিজেই ঘটস্থলে গিয়েছি। ঘটনাটিতে তদন্ত চলমান রয়েছে এবং আমরা এ বিষয়ে কাজ করছি। আর এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে অভিযান চলমান রয়েছে।
অন্যদিকে বুধবার বিকেলে দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত এই ঘটনায় মামলা হয়নি। মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওই দলীয় কার্যালয়ের ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী শাখাওয়াত হোসেন।
