জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটের দিনে ক্লাস ও পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের উপস্থিতি সংক্রান্ত তথ্য চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ১০ নভেম্বরের রুটিনমাফিক কার্যক্রমে কোনো শিক্ষক অনুপস্থিত ছিলেন কি না এবং থাকলে তিনি বিধি মোতাবেক ছুটি নিয়েছিলেন কি না, সে বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইন্সটিটিউট ও বিভাগে রুটিন অনুযায়ী ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে কি না, তা কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। একই সঙ্গে নির্ধারিত দিনে ক্লাস ও পরীক্ষার দায়িত্বে নিয়োজিত কোনো শিক্ষক অনুপস্থিত ছিলেন কি না এবং অনুপস্থিত থাকলে তিনি যথাযথ প্রক্রিয়ায় নিয়ম অনুযায়ী ছুটি গ্রহণ করেছিলেন কি না, সে সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য আগামী ৩ (তিন) কার্যদিবসের মধ্যে ভারপ্রাপ্ত রেজিস্টারের দপ্তরে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।
গত ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের ডাক দেয় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। শিক্ষাপ্রতিষ্ঠান, গণপরিবহন, অফিস-আদালত ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানিয়ে তারা এ কর্মসূচি ঘোষণা করেছিল।
উল্লেখ্য, এর আগে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা চায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়েছে, ১০ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগ ও ইন্সটিটিউটের কিছু শিক্ষক ক্লাস নেননি বলে কর্তৃপক্ষের কাছে তথ্য এসেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কোন কোন বিভাগের ও ইন্সটিটিউটের শিক্ষক ক্লাস নেননি, তাদের তালিকা বুধবার বিকেল ৪টার মধ্যে রেজিস্টারের কাছে পাঠানোর জন্য সংশ্লিষ্ট ডিন ও ইন্সটিটিউটের পরিচালকদের অনুরোধ করা হয়েছে।
