ফতুল্লায় মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় দুজন আইসিইউতে, একজন লাইফ সাপোর্টে

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১৮:২৪

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনা খনো জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১৮ জন চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে দুজন আইসিইউতে ও একজন লাইফ সাপোর্টে আছে। তবে এ ঘটনায় চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৭৬ জন।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে শিক্ষার্থীদের চিকিৎসা পরিস্থিতি জানিয়ে ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার এ তথ্য জানান।

সুলতান মাহমুদ বলেন, আইসিইউতে মোট চারজন রোগী চিকিৎসাধীন ছিল। তাদের মধ্যে একজন এখনো ভেন্টিলেটর সাপোর্টে রয়েছে। আরেকজনের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থেকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। রোগীদের চিকিৎসায় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন।

এর আগে, সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলার লাইব্রেরি ও অফিসকক্ষে আগুন লাগে। ওই ভবনে রাতে প্রায় ২৫০ শিক্ষার্থী অবস্থান করছিল। প্রায় চার হাজার বর্গফুট আয়তনের ওই দুটি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে।

আগুন লাগার পর ভবনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এ সময় সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করলে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ে শিক্ষার্থীরা। পরে তাদের ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

ইনস্টিটিউটের চিকিৎসকেরা জানান, শিক্ষার্থীদের শরীরে দৃশ্যমান দগ্ধ হওয়ার চিহ্ন পাওয়া যায়নি। তবে ধোঁয়ার কারণে তাদের শ্বাসনালি আক্রান্ত হয়েছে। শিক্ষার্থীদের চিকিৎসা নিশ্চিত করতে দুটি পৃথক মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

 
ইত্তেফাক/এমএসআর