আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বাংলাদেশের বিভিন্ন বিষয়ে আলোচনা চলছে। আগামী জানুয়ারির মধ্যে এসব আলোচনায় অগ্রগতি হবে বলে আশা করছে সরকার।
বুধবার (১১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, ‘আইএমএফের সঙ্গে আলোচনা ও কার্যক্রম চলছে। আমাদের ওয়ার্কিং গ্রুপ তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করছে। আগামী জানুয়ারির মধ্যে অগ্রগতি দেখতে পাব বলে আশা করছি।’
অর্থমন্ত্রী বলেন, ‘এখানে ঋণ পাওয়াটাই মূল বিষয় নয়। এটি একটি সমন্বিত কর্মসূচি।’
তিনি আরও বলেন, ‘বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং ইসলামী উন্নয়ন ব্যাংকসহ (আইডিবি) অন্যান্য উন্নয়ন সহযোগীদের সঙ্গেও সরকারের যোগাযোগ অব্যাহত রয়েছে।’
রাজস্ব আদায়ের বিষয়ে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আগামী জানুয়ারির মধ্যে সরকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে।’
তিনি বলেন, ‘সব সূচকেরই ধীরে ধীরে উন্নতি হবে। তবে এর প্রভাব দৃশ্যমান হতে কিছুটা সময় লাগবে।’
তিনি আরও বলেন, ‘আমরা মাত্র প্রথম প্রান্তিক শেষ করেছি। তবে আশা করছি, পরবর্তী প্রান্তিকগুলোতে রাজস্ব আয়ের প্রবৃদ্ধি ধীরে ধীরে গতি পাবে।’
সরকারি ব্যয়ের দক্ষতা নিশ্চিত করা এবং প্রকল্পের যথাযথ বাস্তবায়নের ওপরও গুরুত্ব দেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, ‘করদাতাদের অর্থের অপচয় হচ্ছে কি না, তা নিশ্চিত করতে সব সরকারি ব্যয় সতর্কতার সঙ্গে মূল্যায়ন করা হয়।’
তিনি আরও বলেন, ‘প্রতিটি প্রকল্পেরই বাড়তি মূল্য সংযোজন, বিনিয়োগের বিপরীতে মুনাফা এবং কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। আমরা প্রকল্পের যথাযথ বাস্তবায়নকে অগ্রাধিকার দিচ্ছি এবং ব্যয় যেন জাতীয় আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে, তা নিশ্চিত করছি। আমরা মনে করি, এটিই সঠিক পদ্ধতি।’
