রাউজানে ভূমি ব্যবস্থাপনা বিষয়ক রাজস্ব সভা অনুষ্ঠিত

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ২১:২১

রাউজানে ভূমি ব্যবস্থাপনা বিষয়ক রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকাল ৫টায় উপজেলা প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে উপজেলা ভূমি অফিসের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা ভূমি অফিস ও ছয় ইউনিয়ন ভূমি অফিস সমূহকে অফিস সরঞ্জামাদি ও কর্মচারীদের পোশাক সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসেন রেজা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন রেজা বলেন, নতুন বছরের শুরুতে গহিরা, হলদিয়া, ঊনসত্তরপাড়া ইউনিয়ন ভূমি অফিসের নির্মাণ কাজ শুরু হবে। ইউনিয়ন ভূমি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ভূমি উন্নয়ন কর নিয়ে কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাউজান সরকারি কলেজের প্রভাষক সর্বরী দে, মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাসরিন আক্তার, শিক্ষিকা সুলেখা বড়ুয়া। সভায় ছয় ইউনিয়ন ভূমি কার্যালয় কর্মকর্তাদের মধ্যে হলদিয়ার মন্টু চাকমা, নোয়াপাড়ার আবু বক্কর, জহির রায়হান, গহিরার মো. সলেমান, সদর ইউনিয়ন উজ্জ্বল কান্তি দাশ, গুজরা ইউনিয়ন শওকত ওসমান, উপজেলা সার্ভেয়ার ফারুক, নাজির নিউটন বড়ুয়া প্রমুখ।

সভায় গহিরা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা আকতার কামাল চৌধুরীকে চট্টগ্রামে হাটহাজারী সদরে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়। ছয় ইউনিয়ন ভূমি অফিসে আসবাবপত্র, কম্পিউটার ও ছয় মাসের মনিহারী দ্রব্যাদি বিতরণ করা হয়। এছাড়া, প্রেষণা প্রদানের লক্ষ্যে ১৭ জন অফিস সহকারীকে নতুন বছরের উপহার স্বরূপ পোশাক, জুতা ও নগদ অর্থ প্রদান করা হয়।