‘এই ধরনের পোস্ট করবি কী জন্য’, বলেই শ্রমিক লীগ কর্মীকে চড়-থাপ্পড় এনসিপি নেত্রীর

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১৯:৪০

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ও মন্তব্যের জেরে চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের এক কর্মীকে মারধরের ঘটনা ঘটেছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগর কমিটির সহসাংগঠনিক সম্পাদক তানিয়া আমিন ওই ব্যক্তিকে চড়-থাপ্পড় মারেন। পরে ঘটনাস্থলে গিয়ে খোরশেদ আলম নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় নগরের একটি লন্ড্রি দোকানে এ ঘটনা ঘটে। পরে রাতে মারধরের ১ মিনিট ২৮ সেকেন্ডের একটি ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন তানিয়া আমিন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে।

ভিডিওতে দেখা যায়, একটি লন্ড্রি দোকানে অবস্থান করছেন খোরশেদ আলম। এ সময় তানিয়া আমিনসহ চার-পাঁচজন সেখানে প্রবেশ করেন। তাদের দেখে খোরশেদও তানিয়া আমিনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে এনসিপির নেতা-কর্মীরা তাকে মারধর শুরু করেন। এ সময় তানিয়া আমিনকে চড়-থাপ্পড় মারতে দেখা যায়।

মারধরের সময় তানিয়া আমিনকে বলতে শোনা যায়, ‘তুই এই ধরনের পোস্ট করবি কী জন্য? তোর মা-বোন আছে?’ ভিডিওতে তাকে আরও বলতে শোনা যায়, ‘আমি ওর মেয়ের বয়সী। দেখতে আমার বাবার চেয়ে বড় মনে হয়।...মেয়েদের মনে করে সব সময় দুর্বল।’একপর্যায়ে ঘটনাস্থলে পুলিশের একটি গাড়ি পৌঁছায়। তখন তানিয়া আমিন এক পুলিশ সদস্যকে জানান, গ্যাস-বিদ্যুৎ নিয়ে তার প্রকাশ করা একটি ভিডিওর নিচে খোরশেদ আলম আপত্তিকর মন্তব্য করেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট ও মন্তব্যের মাধ্যমে তাকে হয়রানি করা হচ্ছিল বলেও অভিযোগ করেন তিনি।

এনসিপির চট্টগ্রাম নগর কমিটির সহসাংগঠনিক সম্পাদক তানিয়া আমিন

এ বিষয়ে তানিয়া আমিনের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে এনসিপির চট্টগ্রাম নগর কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মিডিয়া সেলের সমন্বয়কারী রিদুয়ান হৃদয় বলেন, খোরশেদ আলম কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের নেতা-কর্মী। তিনি বিভিন্ন সময়ে এনসিপি ও জুলাই যোদ্ধাদের নিয়ে আপত্তিকর ভিডিও প্রকাশ এবং মন্তব্য করে আসছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির নেতা-কর্মীদের হেয়প্রতিপন্ন ও হয়রানি করতেন।

রিদুয়ান হৃদয়ের ভাষ্য অনুযায়ী, এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতে এনসিপির নেতা-কর্মীরা খোরশেদ আলমের দোকানে যান। সেখানে একপর্যায়ে তাকে চড়-থাপ্পড় মারা হয়। পরে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। তার মুঠোফোন পরীক্ষা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, খোরশেদ আলম শ্রমিক লীগের সক্রিয় কর্মী। তিনি দলের লোকজনকে সংগঠিত করে মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন। তার মুঠোফোনে এ-সংক্রান্ত তথ্য পাওয়া গেছে। এ ছাড়া এনসিপির নেতা-কর্মী, বিশেষ করে নারী নেত্রীদের নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ওসি আরও বলেন, এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতে এনসিপির নেতা-কর্মীরা তার দোকানে জড়ো হন। পরে পুলিশ গিয়ে খোরশেদ আলমকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আগে থেকেই অভিযোগ থাকায় পুলিশ তাকে খুঁজছিল। একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি তিনি।

ইত্তেফাক/এসজেএস