ব্রাহ্মণবাড়িয়ায় স্থাপিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে ফের কালি লেপে দেওয়ার ঘটনা ঘটেছে। সদর উপজেলার চিনাইর গ্রামে অবস্থিত ওই স্মৃতিস্তম্ভে থাকা মীর মুগ্ধর মুখাবয়বের বেশিরভাগ অংশ ও নাম মুছে ফেলা হয়েছে।
এর আগেও, একইভাবে স্মৃতিস্তম্ভটি বিকৃত করা হয়েছিল। স্থানীয় বাসিন্দা ও যুবদল নেতা মো. উজ্জ্বল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে স্মৃতিস্তম্ভটিতে কালি লেপে দেওয়ার বিষয়টি তার নজরে আসে বলে জানান তিনি। এর আগেও, একই ধরনের ঘটনা ঘটানো হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) রিপন দাস বলেন, স্মৃতিস্তম্ভে কালি লেপে দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। কীভাবে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে, তা জানার চেষ্টা চলছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ২৫ নভেম্বরও চিনাইরে অবস্থিত মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে একইভাবে কালি লেপে দেওয়ার ঘটনা ঘটেছিল। তবে কে বা কারা এটা করেছিল সেটা তখনো নিশ্চিত হওয়া যায়নি।
