ইরাকে হামলায় সংশ্লিষ্টতার ইঙ্গিত দিলেন নেতানিয়াহু

আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ২১:০৩

ইরাকে থাকা ইরান সমর্থিত লক্ষ্যবস্তুতে হামলায় ইসরাইলের জড়িত থাকার ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার একটি ইসরাইলি টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত এক সাক্ষাত্কারে তিনি এই ইঙ্গিত দেন। সরাসরি ইরাকের নাম  উল্লেখ না করে তিনি বলেন, বহু স্থানে ইরানের পরিকল্পনা নস্যাত্ করতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।

গত কয়েক সপ্তাহে ইরাকের আধাসামরিক বাহিনীর বেশ কয়েকটি অস্ত্র ভান্ডার ও ঘাঁটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব বাহিনীর বেশ কয়েকটিকে সমর্থন দিয়ে আসছে ইসরাইলের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরান। বুধবার আক্রান্ত বাহিনীগুলোর তরফ থেকে অভিযোগ তোলা হয়, এসব বিস্ফোরণের নেপথ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ভূমিকা রয়েছে।

সাক্ষাত্কারে নেতানিয়াহুর কাছে জানতে চাওয়া হয়, প্রয়োজন পড়লে ইরাকে অবস্থিত ইরানি লক্ষ্যবস্তুতে ইসরাইল কোনো ব্যবস্থা নেবে কী? জবাবে তিনি বলেন, ‘আমরা ব্যবস্থা নিচ্ছি, কেবল প্রয়োজন পড়লে নয়। বহু স্থানে আমরা এমন এক রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি যারা আমাদের ধ্বংস করতে চায়। নিশ্চয়ই আমি নিরাপত্তা বাহিনীকে উন্মুক্তভাবে কাজ করার সুযোগ দিয়েছি আর ইরানের পরিকল্পনা নস্যাত্ করতে প্রয়োজনীয় সব কিছু করার নির্দেশনা দিয়েছি’।

সিরিয়ায় শত শত হামলার দায় স্বীকার করে ইসরাইল দাবি করেছে এর অনেকগুলোই ছিল ইরানি লক্ষ্যবস্তু। ইসরাইলের দাবি, ঐসব এলাকায় তেহরানের স্থায়ী সামরিক উপস্থিতি ঠেকানো এবং অত্যাধুনিক অস্ত্র পৌঁছানো ঠেকাতে এসব হামলা পরিচালনা করা হয়েছে। সম্প্রতি ইসরাইলি কর্মকর্তারা বলেছেন, তারা গত কয়েক বছরে ইরাককে বড়ো হুমকি হিসেবে বিবেচনা করছে। বর্তমানে ইরাকের মূল মিত্র ইরান। তবে সম্প্রতি ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) ঘাঁটিতে হামলার বিষয়ে সরাসরি মন্তব্য করেনি ইসরাইলি কর্মকর্তারা।