ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মহাকাব্যিক ডাবল সেঞ্চুরির পুরস্কার পেলেন তাওহীদ হৃদয়। আইসিসির সবশেষ হালনাগাদ করা টেস্ট ব্যাটারদের র্যাংকিংয়ে এক লাফে ১১৫ ধাপ এগিয়েছেন বাংলাদেশের এই ব্যাটার। ৫১১ রেটিং পয়েন্ট নিয়ে উঠে এসেছেন ৬০তম স্থানে।
গতকাল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি প্রকাশিত র্যাংকিংয়ে দেখা যায়, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে বড় উন্নতি হয়েছে হৃদয়ের। সিলেট টেস্টে তার অতিমানবীয় ব্যাটিংয়েই ড্রয়ের স্বস্তি পায় বাংলাদেশ।
প্রথম ইনিংসে ২৪২ রানের অসাধারণ ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসেও করেন ৮২ রান। সব মিলিয়ে এক টেস্টে ৩২৪ রান করে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে এক ম্যাচে ৩০০ রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।
টেস্ট ব্যাটারদের র্যাংকিংয়ে নতুন ইতিহাস গড়েছেন আফগানিস্তানের রহমত শাহ। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে ১৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে ছয় ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন তিনি।

এর মধ্য দিয়ে টেস্ট র্যাংকিংয়ের যে কোনো বিভাগে আফগানিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে সেরা দশে জায়গা করে নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন রহমত। পাশাপাশি ৭৩৫ রেটিং পয়েন্ট নিয়ে ক্যারিয়ারসেরা অবস্থানেও পৌঁছেছেন এই ব্যাটার।
