‘এটি মেসি-নেইমারের নয়, বাংলাদেশের ফারহানের গোল’

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১৬:১২

সাফ চ্যাম্পিয়নশিপে বড় জয় পেয়েছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচের তৃতীয় গোল করেন ফারহান আলী ওয়াহিদ। কয়েকজনকে কাটিয়ে বল লঙ্কানদের জালে জড়ান এই প্রবাসী ফুটবলার। 

ফারহান আলীর এই গোল নিয়ে চলছে আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে এই গোলকে কেউ লিওনেল মেসি আবার কেউ নেইমারের গোলের সঙ্গে তুলনা করছেন। ফারহানের দুর্দান্ত এই গোল নিয়ে কথা বলেছেন জামাল ভুঁইয়া।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষে ফারহান আলীর গোল প্রসঙ্গে জামাল বলেন, ‘আমার মনে হয় এটি জাতীয় স্টেডিয়ামে অন্যতম সেরা গোল। হামজার বাইসাইকেল এবং ফারহানের এই গোল সেরা তিনের মধ্যে থাকবে।’ 

এরপর মেসি-নেইমারের সঙ্গে তুলনা নিয়ে সাবেক এই অধিনায়ক বলেন, ‘(ফারহানের গোলকে) মেসি-নেইমার-লামিনে ইয়ামালের মতো বলা হচ্ছে। তবে আমার মনে হয় ফারহানের নিজের প্রোফাইল বড় করতে হবে। অন্য কারও সঙ্গে তুলনা করতে হবে না। বাংলাদেশের অনেকে আছেন, যারা বলেন আমার মেসি–আমার নেইমার। কিন্তু আমার মনে হয় এটি ফারহান আলীর গোল, অন্য কারও নয়।’

এছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে পুরো দলের পারফরম্যান্স প্রসঙ্গে জামাল বলেন, ‘ম্যাচটা ভালো ছিল। আমরা ৪ গোল করছি, ক্লিনশিট রাখছি– সবমিলিয়ে সবাই সন্তুষ্ট, সবাই খুশি। এখন মনোযোগ থাকবে পাকিস্তানের সাথে (ম্যাচের দিকে)। আমার মনে হয় শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান তুলনামূলক ভালো দল।’ 

 

ইত্তেফাক/জেডএইচ