নিজস্ব নিয়ম ভেঙে ইসরায়েলি ফোন-হ্যাকিং প্রযুক্তি কিনছে ভারত

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১৯:৩১

নিজস্ব ক্রয় নীতিমালায় ছাড় দিয়ে ইসরায়েলি প্রযুক্তি প্রতিষ্ঠান সেলেব্রাইটের কাছ থেকে ফোনের তথ্য উদ্ধার ও নজরদারির প্রযুক্তি কেনার উদ্যোগ নিয়েছে ভারত। এ জন্য সরকারি ফরেনসিক সংস্থাগুলোকে বিদেশি প্রযুক্তিপণ্য কেনার বিশেষ সুযোগ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে মানবাধিকারকর্মী ও প্রযুক্তি বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

ডিজিটাল অধিকার সংগঠন ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন (আইএফএফ)-এর অনুসন্ধান এবং আল জাজিরার হাতে আসা সরকারি নথি থেকে এ তথ্য জানা গেছে। নথি অনুযায়ী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অনুমোদনে সরকারি সংস্থাগুলোর জন্য অন্তত ৪২২টি বিদেশি প্রযুক্তিপণ্য কেনার সুযোগ তৈরি হয়েছে।

গত ৭ জানুয়ারি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক চিঠিতে ‘মেক ইন ইন্ডিয়া’ নীতিমালার আওতায় বিদেশি পণ্য কেনার ক্ষেত্রে এক বছরের জন্য বিশেষ ছাড় দেওয়া হয়। সাধারণত এ নীতির মাধ্যমে বিদেশি সরবরাহকারীদের তুলনায় যোগ্য ভারতীয় উৎপাদকদের অগ্রাধিকার দেওয়া হয়। তবে সংশ্লিষ্ট মন্ত্রীর অনুমোদন সাপেক্ষে এ নিয়মে ব্যতিক্রমের সুযোগ রয়েছে।

এরপর ২০ জানুয়ারি জারি করা আরেকটি চিঠিতে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে (এনআইএ) ইসরায়েলি প্রতিষ্ঠান সেলেব্রাইটের প্রিমিয়াম প্রযুক্তি ব্যবহারের অনুমতি দেওয়া হয়। তিন বছরের লাইসেন্সের জন্য ব্যয় নির্ধারণ করা হয় প্রায় ৫ কোটি রুপি, যা মার্কিন মুদ্রায় ৫ লাখ ২৯ হাজার ৯৪৭ ডলারের সমপরিমাণ।

এ ধরনের প্রযুক্তি কেনার প্রবণতা শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কেন্দ্রীয় সরকার কিংবা বিজেপিশাসিত রাজ্যগুলোর মধ্যে সীমাবদ্ধ নয়। বিরোধী দল কংগ্রেসশাসিত হিমাচল প্রদেশ, কেরালা ও কর্ণাটক সরকারও মোবাইল ফোনের তথ্য উদ্ধার এবং ডিভাইসের অনুলিপি তৈরির প্রযুক্তি সংগ্রহ করেছে।

ক্লাউডভিত্তিক তথ্যেও নজরদারির সুযোগ
নীতিমালায় ছাড় দেওয়ার অর্থ এই নয় যে অনুমোদিত তালিকার সব পণ্যই সরকারি সংস্থাগুলো কিনেছে। তবে এর ফলে দেশটির বিভিন্ন সংস্থার জন্য ডিজিটাল নজরদারি ও ফরেনসিক কার্যক্রম পরিচালনার পরিসর যে বিস্তৃত হয়েছে, তা উঠে এসেছে আইএফএফের অনুসন্ধানে।

সংগঠনটি অনুমোদন পাওয়া ৪২২টি পণ্যের মধ্যে ১১৮টিকে ডিজিটাল ফরেনসিক সরঞ্জাম হিসেবে শনাক্ত করেছে। এসব পণ্যের মধ্যে সেলেব্রাইট ছাড়াও ম্যাগনেট ও অক্সিজেন ফরেনসিকসের প্রযুক্তি রয়েছে। পাশাপাশি ডার্ক ওয়েব এবং ক্রিপ্টোকারেন্সি-সংক্রান্ত অপরাধ তদন্তের বিভিন্ন সরঞ্জামও তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

সার্বিয়া, জর্ডান, কেনিয়া ও রাশিয়ায় সাংবাদিক এবং মানবাধিকারকর্মীদের বিরুদ্ধে সেলেব্রাইটের প্রযুক্তি ব্যবহারের নজির রয়েছে।

দিল্লি পুলিশের একটি দরপত্রে কম্পিউটার ও মোবাইল ফোনের নিরাপত্তাব্যবস্থা অতিক্রম করে তথ্য উদ্ধারের বিভিন্ন প্রযুক্তি চাওয়া হয়েছে। এর মধ্যে ম্যাকওএস, উইন্ডোজ ও লিনাক্স অপারেটিং সিস্টেমের পাসওয়ার্ড এবং মোবাইলের স্ক্রিন লক খোলার সফটওয়্যার রয়েছে। একই সঙ্গে মুছে ফেলা ফাইল ও এনক্রিপ্ট করা ব্যাকআপ পুনরুদ্ধারের প্রযুক্তিও চাওয়া হয়েছে।

এ ছাড়া জব্দ করা ডিভাইস থেকে লগইন টোকেন সংগ্রহ করে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের তথ্য পাওয়ার প্রযুক্তির চাহিদাও রয়েছে। তালিকায় গুগল, অ্যাপল, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এক্স, টেলিগ্রাম ও টিন্ডারসহ শতাধিক ক্লাউড সেবার তথ্য সংগ্রহের সক্ষমতার কথা উল্লেখ করা হয়েছে। ড্রোন এবং অ্যামাজন অ্যালেক্সা ও গুগল হোমের মতো স্মার্ট ডিভাইসের তথ্য উদ্ধারের প্রযুক্তিও এতে রয়েছে।

NEW DELHI, INDIA - OCTOBER 11: Youtuber Dhruv Rathee speaks during a press conference following his release from police detention on October 11, 2026 in New Delhi, India. Dhruv Rathee was detained from his residence the previous morning during a crackdown on planned political demonstrations. The Cockroach Janta Party (CJP) has called a mass protest to demand the resignation of India's Chief Election Commissioner, Gyanesh Kumar, over what they say are alleged irregularities in electoral processes and the revision of voter rolls. (Photo by Ritesh Shukla/Getty Images)

সাংবাদিক ও ইউটিউবারের ফোনে তথ্য সংগ্রহের অভিযোগ
ভারতে নজরদারি প্রযুক্তির ব্যবহার নিয়ে উদ্বেগের মধ্যে সাংবাদিক ও অনলাইন কনটেন্ট নির্মাতাদের ফোন থেকে তথ্য সংগ্রহের অভিযোগও সামনে এসেছে।

গত মাসে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দিল্লিতে আয়োজিত একটি বিক্ষোভে অংশ নিতে শহরে আসেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। বিক্ষোভের দিন সকালে নিজ বাসায় থাকা অবস্থায় তাকে আটক করে দিল্লি পুলিশ। এ সময় তার মোবাইল ফোনও জব্দ করা হয়।

পরে একটি পডকাস্টে রাঠি অভিযোগ করেন, পুলিশ সেলেব্রাইটের প্রযুক্তি ব্যবহার করে তার আইফোনের তথ্যের অনুলিপি তৈরির চেষ্টা করেছিল বলে তার সন্দেহ। তবে আইওএসের নতুন সংস্করণ থাকায় সেই চেষ্টা সফল হয়নি বলে দাবি করেন তিনি। যদিও রাঠির এই অভিযোগ স্বাধীনভাবে যাচাই করতে পারেনি আল জাজিরা।

একই ধরনের ঘটনার কথা জানিয়েছেন ‘সিয়াসাত ডেইলি’র প্রতিবেদক মোহাম্মদ আসলাম হুসেইন। তার দাবি, গত ১০ অক্টোবর নয়াদিল্লিতে একজন ক্যামেরাপারসনসহ তাকে আটক করে পুলিশ। এ সময় তার মোবাইল ফোন জব্দ করা হয়। সন্ধ্যায় ফোনটি ফেরত পাওয়ার পর তিনি দেখতে পান, সংবাদ সংগ্রহের কাজে ধারণ করা ভিডিওগুলোর বেশ কয়েকটি মুছে ফেলা হয়েছে।

হুসেইনের ব্যবহৃত ফোনটি ছিল প্যাটার্ন লক ও ফিঙ্গারপ্রিন্ট সুরক্ষিত স্যামসাং গ্যালাক্সি এস২৪। নিরাপত্তাব্যবস্থা থাকা সত্ত্বেও কীভাবে ফোনে প্রবেশ করে ভিডিওগুলো মুছে ফেলা হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

ভারতে সাংবাদিক ও বিরোধী মতাবলম্বীদের ওপর নজরদারির অভিযোগ অবশ্য নতুন নয়। ২০১৯ সালে ইসরায়েলি প্রতিষ্ঠান এনএসও গ্রুপের তৈরি পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে ভারতীয় সাংবাদিক সিদ্ধার্থ ভারদারাজন ও আনন্দ মাঙ্গনালের ফোনে নজরদারির প্রমাণ পাওয়ার কথা জানিয়েছিল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তবে ভারত সরকার এ ধরনের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।

আইনি সুরক্ষা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন
নজরদারি প্রযুক্তির ব্যবহার বাড়লেও এ ক্ষেত্রে নাগরিকদের আইনি সুরক্ষা ও তদারকির ঘাটতি রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সুপ্রিম কোর্টের আইনজীবী বৃন্দা ভান্ডারী আল জাজিরাকে বলেন, ভারতের নজরদারি সক্ষমতা যেভাবে সম্প্রসারিত হচ্ছে, তাতে নির্দিষ্ট ব্যক্তির ওপর নজরদারির সীমা ছাড়িয়ে ব্যাপক পরিসরে তথ্য সংগ্রহের সুযোগ তৈরি হচ্ছে। অথচ যাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে, তারা অনেক সময় বিষয়টি জানতেও পারেন না।

আইএফএফের মতে, জব্দ করা মোবাইল ফোন জোরপূর্বক আনলক করা কিংবা সেখান থেকে লগইন টোকেন সংগ্রহের বিষয়ে ভারতে সুনির্দিষ্ট আইনি বিধান নেই।

২০১৭ সালে ভারতের সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে ব্যক্তিগত গোপনীয়তাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয়। একই সঙ্গে আদালত জানায়, ব্যক্তিগত গোপনীয়তার ওপর রাষ্ট্রের যেকোনো ধরনের হস্তক্ষেপের পেছনে যথাযথ আইনি ভিত্তি ও যৌক্তিকতা থাকতে হবে।

বৃন্দা ভান্ডারীর ভাষ্য অনুযায়ী, যুক্তরাজ্য ও জার্মানির মতো দেশে নজরদারি কার্যক্রমের ওপর সংসদীয় কিংবা বিচার বিভাগীয় তদারকির ব্যবস্থা রয়েছে। বিপরীতে ভারতে এ ধরনের কার্যক্রম মূলত নির্বাহী বিভাগের অভ্যন্তরীণ পর্যালোচনার মধ্যেই সীমাবদ্ধ। ফলে নাগরিকদের অধিকার সুরক্ষায় বিদ্যমান ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।

এ বিষয়ে বক্তব্য জানতে ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং হিমাচল প্রদেশ, কর্ণাটক ও কেরালার স্বরাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিল আল জাজিরা। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত সংশ্লিষ্ট কারও বক্তব্য পাওয়া যায়নি।

ইত্তেফাক/এসজেএস