বাড়ির আশপাশেই মিলছে এডিসের অর্ধেক লার্ভা, ডিএসসিসির জরিপে উদ্বেগ

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০০:২৪

রাজধানীতে এডিস মশার প্রজননস্থল নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়ে কিছু ঝুঁকিপূর্ণ ওয়ার্ডের পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে বাসাবাড়ির আশপাশে এডিস মশার লার্ভার উপস্থিতি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাম্প্রতিক জরিপে শনাক্ত হওয়া লার্ভার প্রায় ৫০ শতাংশই পাওয়া গেছে বসতবাড়ির আশপাশে। এ পরিস্থিতিতে ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) নগর ভবনে ডিএসসিসি ও জুওলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক বৈজ্ঞানিক সেমিনারে জরিপের এ তথ্য তুলে ধরা হয়। ‘ডেঙ্গুর বর্তমান প্রবণতা, প্রতিরোধ ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে উদ্ভাবনী কৌশল’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

সেমিনারে প্রশাসক জানান, নিয়মিত মশকনিধন কার্যক্রমের পাশাপাশি বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম পরিচালনা করা হয়েছে। এর ফলে গত মার্চ ও অক্টোবরের জরিপের তুলনামূলক বিশ্লেষণে আগে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত কয়েকটি ওয়ার্ডের পরিস্থিতির উন্নতি দেখা গেছে। তবে বাসাবাড়ির আশপাশে বিপুলসংখ্যক লার্ভা পাওয়ার বিষয়টি উদ্বেগজনক।

তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের যেমন ৫০ শতাংশ দায়িত্ব রয়েছে, নাগরিকদেরও তেমনি ৫০ শতাংশ দায়িত্ব পালন করতে হবে। দুই পক্ষের সম্মিলিত উদ্যোগ ও সচেতনতা ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়।

এ জন্য নগরবাসীকে শুধু প্রচার-প্রচারণার ওপর নির্ভর না করে নিজেদের বাড়ির ছাদ, আঙিনা, নির্মাণাধীন ভবন এবং শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) পানি জমার স্থান নিয়মিত পরীক্ষা করার আহ্বান জানান আবদুস সালাম। পাশাপাশি রাজধানীকে বাসযোগ্য রাখতে সামাজিক ও পেশাজীবী সংগঠনগুলোকে জনসচেতনতা তৈরিতে এগিয়ে আসার অনুরোধ করেন তিনি।

প্রতি শনিবার বাড়িঘর পরিষ্কারের আহ্বান
এডিস মশার প্রজননস্থল ধ্বংসে প্রতি শনিবার নিজ নিজ বাসাবাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছেন সেমিনারে অংশ নেওয়া বিশেষজ্ঞরা। তাদের মতে, বাড়ির আশপাশে জমে থাকা পানি ও পরিত্যক্ত পাত্র মশার বংশবিস্তারের সুযোগ তৈরি করে। তাই নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি।

সেমিনারে ডেঙ্গুর সাম্প্রতিক প্রবণতা, এডিস মশার জীবনচক্র এবং বিজ্ঞানভিত্তিক নিয়ন্ত্রণপদ্ধতি নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কবিরুল বাশার, আইসিডিডিআর,বির জ্যেষ্ঠ বিজ্ঞানী শফিউল আলম এবং স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখার (সিডিসি) জ্যেষ্ঠ কীটতত্ত্ববিদ (পিআরএল) মো. রেজাউল করিম খান।

জুওলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক হামিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান। এ ছাড়া ডিএসসিসির সচিব মো. মশিউর রহমান খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহবুবুর রহমান তালুকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহানে ফেরদৌস বিনতে রহমানসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এসজেএস