বর্তমান সরকারের সময়ে ১৩৪৪ সাংবাদিককে ৬ কোটি ৪৮ লাখ টাকা অনুদান

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০১:০৮

বর্তমান সরকারের সময়ে ১ হাজার ৩৪৪ জন সাংবাদিককে মোট ৬ কোটি ৪৮ লাখ ৫ হাজার টাকা কল্যাণ অনুদান দেওয়া হয়েছে। এছাড়া ২০২৫-২৬ অর্থবছরে সাংবাদিক পরিবারের ৪০২ জন শিক্ষার্থীকে ৭৩ লাখ ২৬ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এ তথ্য জানান। জাতীয় সংসদে সরকারি দলের সংরক্ষিত নারী আসন-১০-এর সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির লিখিত প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পক্ষে প্রতিমন্ত্রী এই তথ্য তুলে ধরেন।

প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা, আর্থিক নিরাপত্তা, সামাজিক সুরক্ষা এবং সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সরকার নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। এই লক্ষ্য সামনে রেখেই ২০১৪ সালে আইন প্রণয়নের মাধ্যমে ‘বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’ প্রতিষ্ঠা করা হয়, যার বিধিমালা ২০১৬ সালের ১৩ এপ্রিল গেজেট আকারে প্রকাশিত হয়।

এই ট্রাস্টের মাধ্যমে অসচ্ছল, অসুস্থ, দুর্ঘটনায় আহত, কর্মহীন ও মৃত্যুবরণকারী সাংবাদিক এবং তাঁদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে। বিশেষ করে সাংবাদিকদের গুরুতর অসুস্থতা, দুর্ঘটনা, মৃত্যু ও আর্থিক সংকট মোকাবেলায় নির্ধারিত নীতিমালা অনুযায়ী এই অনুদান দেওয়া হয়।

সাংবাদিক পরিবারের মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিকতা রক্ষায় শিক্ষাবৃত্তি দেওয়া হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি করোনাকালীন সংকট মোকাবিলা, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ সাংবাদিকদের পরিবার এবং সাহসী সাংবাদিকদের আর্থিক সহায়তা ও সম্মাননা দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে।

স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বিধিমালা, ২০১৬ অনুযায়ী আবেদন যাচাই-বাছাই ও ট্রাস্টি বোর্ডের অনুমোদন সাপেক্ষে উপকারভোগীদের সরাসরি ব্যাংক হিসাবের মাধ্যমে এই অর্থ পাঠানো হয়।

প্রতিমন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বর্তমান সরকারের আমলে মোট ১ হাজার ৩৪৪ জন সাংবাদিককে ৬ কোটি ৪৮ লাখ ৫ হাজার টাকা কল্যাণ অনুদান দেওয়া হয়েছে। এছাড়া ২০২৫-২৬ অর্থবছরে ৪০২ জন শিক্ষার্থীকে দেওয়া হয়েছে ৭৩ লাখ ২৬ হাজার টাকা শিক্ষাবৃত্তি।

উল্লেখ্য, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ১৯ হাজার ৩২১ জন সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে কল্যাণ অনুদান, শিক্ষাবৃত্তি, স্টাইপেন্ড, করোনাকালীন সহায়তা এবং শহীদ ও সাহসী সাংবাদিকদের সম্মাননাসহ সর্বমোট ৬৭ কোটি ১৪ লাখ ১৭ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

ইত্তেফাক/এএম