আন্তর্জাতিক ফুটবলের সঙ্গে তাল মেলানোর পথে নতুন একটি পদক্ষেপ নিচ্ছে দক্ষিণ এশিয়ার ফুটবল। টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার জন্য চোখ থাকবে হাজার কিলোমিটার দূরের এক নিয়ন্ত্রণকক্ষে। প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপে যুক্ত হচ্ছে রিমোট ভিএআর প্রযুক্তি।
বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচগুলোর সরাসরি ভিডিও চিত্র পাঠানো হবে থাইল্যান্ডে স্থাপিত কেন্দ্রীয় পরিচালনা কেন্দ্রে। সেখানে দায়িত্ব পালন করবেন প্রশিক্ষিত ভিডিও ম্যাচ অফিশিয়ালরা। মাঠের রেফারির কোনো সিদ্ধান্তে গুরুতর ভুলের আশঙ্কা দেখা দিলে কিংবা নির্ধারিত পর্যালোচনাযোগ্য ঘটনায় প্রয়োজন হলে তারা ভিডিও ফুটেজ পরীক্ষা করে সংশ্লিষ্ট রেফারিকে সহায়তা করবেন। পুরো প্রক্রিয়াটি পরিচালিত হবে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) ভিএআর প্রটোকল অনুসারে।
এই ব্যবস্থার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, প্রযুক্তির জন্য ঢাকার মাঠে পূর্ণাঙ্গ ভিডিও অপারেশন কেন্দ্র স্থাপনের প্রয়োজন হচ্ছে না। মাঠে ধারণ করা সরাসরি সম্প্রচারিত ছবি প্রযুক্তিগত ব্যবস্থার মাধ্যমে পৌঁছে যাবে দূরবর্তী কেন্দ্রে। সেখানে পর্যালোচনা শেষে প্রয়োজনীয় তথ্য ও সুপারিশ জানানো হবে ঢাকায় দায়িত্ব পালনরত ম্যাচ অফিশিয়ালদের।
অর্থাৎ মাঠের রেফারি থাকবেন নিজের জায়গাতেই, কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে তার পাশে যুক্ত হবে ভৌগোলিক দূরত্ব অতিক্রম করা একটি প্রযুক্তিনির্ভর দল। এই উদ্যোগ বাস্তবায়নে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশনের (সাফ) সঙ্গে কাজ করছে আসিয়ান ফুটবল ফেডারেশন (এএফএফ)। প্রযুক্তিগত দায়িত্বে রয়েছে স্পেনভিত্তিক প্রতিষ্ঠান কোয়ালিটি প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক ফুটবলে দূরবর্তী ভিএআর সেবা পরিচালনার অভিজ্ঞতাসম্পন্ন এবং তাদের প্রযুক্তি ফিফার স্বীকৃতিপ্রাপ্ত।
জাতীয় স্টেডিয়ামে এই প্রযুক্তি কার্যকর করতে স্থাপন করা হয়েছে রেফারি রিভিউ এরিয়া (আরআরএ)। পাশাপাশি প্রস্তুত করা হয়েছে টেকনিক্যাল অপারেশনস টিম এরিয়া মনিটর (টিওটিএএম)। মাঠে প্রযুক্তির ব্যবহার নির্বিঘ্ন রাখতে কোয়ালিটির কারিগরি বিশেষজ্ঞরাও সরাসরি কাজ করছেন। ভিডিও চিত্রের আদান-প্রদান, যোগাযোগব্যবস্থা এবং পর্যালোচনার প্রয়োজনীয় অবকাঠামো সচল রাখাই তাদের মূল দায়িত্ব। সেমিফাইনাল ও ফাইনালের জন্য মনোনীত সব রেফারি এবং সহকারী রেফারিকে ভিএআর ব্যবহারের নিয়ম ও প্রক্রিয়া সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
