সৌদি-কাতারের অনুরোধে ইরানে হামলা স্থগিত রেখেছি: ট্রাম্প

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৮

সৌদি আরব, কাতার এবং অন্যান্য উপসাগরীয় দেশ ইরানের বিরুদ্ধে পরবর্তী বড় ধরনের হামলা স্থগিত রাখার অনুরোধ করেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৩ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

হোয়াইট হাউসে স্টিফেন এ স্মিথকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি তাৎক্ষণিকভাবে এই যুদ্ধ শেষ করতে পারেন, কিন্তু আঞ্চলিক মিত্রদের অনুরোধে বর্তমানে অর্থনৈতিক ও সামরিক চাপ বজায় রেখেছেন।

ট্রাম্প বলেন, ‘সৌদি আরব আমাকে অনুরোধ করেছে যেন আপাতত পরিস্থিতি যেভাবে আছে সেভাবেই থাকতে দেওয়া হয়।’ তিনি আরও জানান যে কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনও বর্তমান এই কৌশলটিই পছন্দ করছে।

তবে এ বিষয়ে নিজের দ্বিমতের কথা জানিয়ে ট্রাম্প যোগ করেন, ‘আমি নিশ্চিত নই যে আমি এর সঙ্গে একমত কি না।’

মিত্রদের এই অনুরোধ না থাকলে তিনি পরবর্তী হামলা চালাতেন কি না এমন প্রশ্নের জবাবে ট্রাম্প উত্তর দেন, ‘হ্যাঁ, আমি চালাতাম।’

যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি অবকাঠামো এবং সেতুগুলোকে মূলত অক্ষত রেখেছে বলে দাবি করে তিনি বলেন, ‘এক দিনের মধ্যে তাদের জ্বালানি শেষ হয়ে যাবে। এক দিনের মধ্যে তাদের সেতুগুলো ধ্বংস হয়ে যাবে। আর এক দিনের মধ্যে তাদের উৎপাদন সক্ষমতাও শেষ হয়ে যাবে। এর জন্য আমার মাত্র তিন দিন সময় লাগবে।’

এ ছাড়া যুদ্ধের কারণে পেট্রলের দাম বেড়ে যাওয়ায় মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ে তা ভূমিকা রেখেছে বলে স্বীকার করলেও ট্রাম্প ইরানে হামলা চালানোর সিদ্ধান্তের পক্ষে নিজের অবস্থান সমর্থন করেন।

সূত্র: আল জাজিরা

ইত্তেফাক/টিএইচ