নামাজরত অবস্থায় জুতা চুরি হয়েছে বুঝতে পারলে কী করবেন?

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৯:০৯

মসজিদে নামাজ পড়তে গিয়ে জুতা হারানোর অভিজ্ঞতা অনেকেরই রয়েছে। বিশেষ করে জুমার নামাজে মুসল্লিদের ভিড়ের সুযোগে কেউ কেউ অন্যের জুতা নিয়ে যান। নামাজ শুরু করার পর জুতা চুরির বিষয়টি বুঝতে পারলে কী করবেন? এ অবস্থায় নামাজ ভেঙে জুতা খুঁজতে যাওয়া যাবে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে। 

যেমন, একজন জানতে চেয়ে প্রশ্ন করেছেন, ‘কিছুদিন আগে এক মসজিদে জুমা পড়তে যাই। দরজার পাশে একটি জুতার বাক্সে জুতা রেখে নামাজে দাঁড়াই। নামাজ চলাবস্থায় এক চোর আমার জুতা নিয়ে পালিয়ে যায়। যার মূল্য ছিল ১৭০০ টাকা। আমি টের পাওয়া মাত্রই নামাজ ছেড়ে দিই এবং তাকে ধরার চেষ্টা করি। অনেক খোঁজাখুঁজির পরও তাকে ধরতে পরিনি। ততক্ষণে জামাত শেষ হয়ে যায়। পরে আমি বাসায় গিয়ে যোহর আদায় করি।

জানার বিষয় হল, এ কারণে জুমার নামাজ ছেড়ে দেওয়া জায়েজ হয়েছে কি না?’ 

এমন পরিস্থিতির ক্ষেত্রে নামাজ ছেড়ে দেওয়া অন্যায় হয়নি। কারণ নামাজ অবস্থায় মোটামুটি মূল্যের কোনো জিনিস নষ্ট কিংবা চুরি হওয়ার আশঙ্কা হলে এর হেফাজতের জন্য নামাজ ছেড়ে দেওয়া জায়েজ আছে।

একাধিক তাবেয়ি থেকে বর্ণিত আছে যে, নামাজ অবস্থায় তাদের আরোহী চলে যাচ্ছিল তখন তারা নামাজ ছেড়ে দিয়ে আরোহী হেফাজত করেছেন। আর কোনো কোনো ফকিহ বলেছেন, এক দিরহাম অর্থাৎ ৩.০৬১৪ গ্রাম রুপা সমপরিমাণ সম্পদ হেফাজতের জন্যও নামাজ ছেড়ে দেওয়া জায়েজ আছে। যা বর্তমান মূল্য হিসাবে প্রায় ৯১৮ টাকা হয়। 

তবে নামাজে দাঁড়ানোর আগেই জুতা-মালপত্র হেফাজতে রাখা উচিত, যেন নামাজ অবস্থায় এ কারণে মনোযোগ নষ্ট না হয়।

ইত্তেফাক/আরএইচ