ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় শুক্রবার পুকুরে ডুবে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। উপজেলার সাগুনি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান কার্তিক চন্দ্র রায়।
মৃত শিশুরা হলো—সাগুনি গ্রামের সত্যেন চন্দ্রের ছেলে আদিত্য (৪) ও একই গ্রামের বিনোদ চন্দ্রের মেয়ে টুম্পা (৭)। তারা একে অপরের মামাতো-ফুফাতো ভাইবোন।
নিহতদের স্বজনেরা জানান, সকালের দিকে সবার অজান্তে বাড়ির পার্শ্বে পুকুরের পানিতে পড়ে যায় এই দুই শিশু। পরে অনেক খোঁজাখুঁজি করে দুই জনকে পানি থেকে উদ্ধার করা হয়। এসময় টুম্পা ঘটনাস্থলেই মারা যায়। পরে আদিত্যকে উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান।
