ব্রাহ্মণবাড়িয়ায় বাল্যবিয়ে বন্ধ বরের জেল, বর ও কনের বাবার জরিমানা

আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ২১:২৫

ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে শিরিনা খাতুন (১৪) নামে এক মাদরাসা ছাত্রী। বৃহস্পতিবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়ার নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালত সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বেপারীপাড়া গ্রামে বিয়েবাড়িতে উপস্থিত হয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বেপারীপাড়ার দিলদার হোসেনের মেয়ে ও স্থানীয় একটি আলিয়া মাদরাসার নবম শ্রেণির ছাত্রী শিরিনা খাতুনের সঙ্গে একই এলাকার আবদুল আওয়ালের ছেলে দ্বীন ইসলামের বিয়ে বৃহস্পতিবার সমপন্ন হওয়ার কথা ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বিয়েবাড়িতে উপস্থিত হয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেন। এ সময় বর দ্বীন ইসলামকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড এবং কনের বাবা দিলদার হোসেন এবং বরের বাবা আবদুল আওয়ালকে ১০ হাজার টাকা করে জরিমানা এবং মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না মর্মে মুচলেকা আদায় করা হয়।