একই খাবার বারবার ফ্রিজ থেকে বের করে গরম করা এবং পরে ঠান্ডা করে আবার ফ্রিজে রাখার অভ্যাস স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। বিশেষ করে কিছু খাবারের ক্ষেত্রে এ বিষয়ে বাড়তি সতর্কতা প্রয়োজন। কারণ, রান্না করা খাবার সঠিকভাবে সংরক্ষণ না করলে তাতে ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্মাতে পারে। এর ফলে ফুড পয়জনিংসহ নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে।
ভারতীয় সংবাদমাধ্যমের স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন প্রতিবেদনে এমন পাঁচ ধরনের খাবার নিয়ে সতর্ক করা হয়েছে, যেগুলো বারবার গরম করার পরিবর্তে প্রয়োজনমতো বের করে গরম করে খাওয়াই ভালো।
১. ভাত
অনেক বাড়িতেই আগের দিনের রান্না করা ভাত ফ্রিজে রেখে পরদিন গরম করে খাওয়ার অভ্যাস রয়েছে। তবে ভাত সংরক্ষণের ক্ষেত্রে অসতর্কতা বিপদের কারণ হতে পারে। রান্না করা ভাত ঠিকমতো সংরক্ষণ না করলে তাতে ‘ব্যাসিলাস সেরিয়াস’ নামের ব্যাকটেরিয়া জন্মাতে পারে। এই ব্যাকটেরিয়া থেকে ফুড পয়জনিং হওয়ার আশঙ্কা থাকে।
বিশেষ করে রান্নার পর দীর্ঘ সময় ভাত ঘরের স্বাভাবিক তাপমাত্রায় ফেলে রাখলে ঝুঁকি বাড়ে। তাই ভাত রান্নার পর দ্রুত ঠান্ডা করে ফ্রিজে রাখতে হবে। খাওয়ার সময় পুরো পাত্র বের না করে যতটুকু প্রয়োজন, ততটুকুই গরম করা উচিত।
২. মুরগির মাংসের তরকারি
মুরগির মাংসের তরকারি বা ঝোল বারবার গরম ও ঠান্ডা করা ঠিক নয়। এভাবে তাপমাত্রার পরিবর্তন হলে এবং খাবার যথাযথভাবে সংরক্ষণ না করা হলে ব্যাকটেরিয়া বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে।
তাই পুরো পাত্র বারবার গরম না করে রান্নার পর ছোট ছোট পাত্রে খাবার ভাগ করে ফ্রিজে রাখা ভালো। খাওয়ার আগে যতটুকু প্রয়োজন, শুধু সেই অংশটুকু ভালোভাবে গরম করে নিতে হবে।
৩. মাছ ও সামুদ্রিক খাবার
মাছ ও সামুদ্রিক খাবার তুলনামূলক দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। তাই রান্না করা মাছ দীর্ঘ সময় ঘরের স্বাভাবিক তাপমাত্রায় ফেলে রাখা উচিত নয়। বারবার গরম ও ঠান্ডা করার ফলে খাবারের স্বাদ ও গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি খাদ্যনিরাপত্তার ঝুঁকিও বাড়তে পারে।
এ ধরনের খাবার রান্নার পর অবশিষ্ট অংশ দ্রুত ফ্রিজে রাখতে হবে। খাওয়ার সময় প্রয়োজন অনুযায়ী বের করে ভালোভাবে গরম করে নেওয়া উচিত।
৪. ডিমের তৈরি খাবার
ডিমের অমলেট, স্ক্র্যাম্বলড এগ কিংবা ডিমের তরকারি—সব ধরনের রান্না করা ডিমের খাবার সংরক্ষণে সতর্ক থাকা জরুরি। রান্নার পর দীর্ঘ সময় বাইরে ফেলে রাখলে এসব খাবারে ব্যাকটেরিয়া জন্মানোর আশঙ্কা থাকে।
তাই রান্না করা ডিমের খাবার দ্রুত ফ্রিজে রাখতে হবে। খাওয়ার সময় প্রয়োজন অনুযায়ী বের করে গরম করে নেওয়াই ভালো।
৫. ক্রিম ও দুধ দিয়ে তৈরি খাবার
পনির বাটার মসলা, ক্রিমি পাস্তা কিংবা দুধ দিয়ে তৈরি বিভিন্ন ধরনের সসও বারবার গরম করা উচিত নয়। এসব খাবারে দুগ্ধজাত উপাদান থাকায় দীর্ঘ সময় ঘরের স্বাভাবিক তাপমাত্রায় ফেলে রাখলে নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।
তাই রান্নার পর খাবার ছোট ছোট পাত্রে ভাগ করে ফ্রিজে সংরক্ষণ করা ভালো। খাওয়ার আগে যতটুকু প্রয়োজন, শুধু সেই অংশটুকু বের করে গরম করে নিতে হবে।
খাবার নিরাপদ রাখবেন যেভাবে
শুধু খাবার গরম করলেই তা নিরাপদ হয়ে যায় না। খাবার রান্নার পর দ্রুত ফ্রিজে রাখা, দীর্ঘ সময় ঘরের তাপমাত্রায় ফেলে না রাখা এবং পুরো পাত্র বারবার গরম করা থেকে বিরত থাকা জরুরি। এতে খাবারের গুণগত মান বজায় রাখার পাশাপাশি খাদ্যবাহিত রোগের ঝুঁকিও কমানো সম্ভব।
