কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ অধ্যক্ষ-উপাধ্যক্ষসহ ১৩ পদ শূন্য, পাঠদান ব্যাহত

আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ২১:২৫

কেশবপুর সরকারি ডিগ্রি কলেজে অধ্যক্ষ-উপাধ্যক্ষসহ ১৩ জন প্রভাষক ও সাত জন পরিদর্শকের পদ শূন্য থাকায় লেখাপড়া দারুণভাবে ব্যাহত হচ্ছে। তিন জন ইংরেজি প্রভাষকের স্থলে একজন থাকায় ইংরেজি বিষয়ে শিক্ষার্থীদের বেশি সমস্যায় পড়তে হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এ কলেজটিতে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, রসায়নে একজন, ইংরেজিতে দুই জন, ইতিহাসে একজন, দর্শনে একজন, ফিন্যান্স ব্যাংকিং বীমায় একজন, সমাজকর্মে একজন, সাচিবিক বিদ্যায় একজন, সেক্রেটারি সায়েন্সে একজন, সমাজবিজ্ঞানে একজন ও উদ্যোক্তা উন্নয়নে একজন প্রভাষকের পদ শূন্য রয়েছে। বিশেষ করে তিন জন ইংরেজি প্রভাষকের স্থলে একজন থাকায় ইংরেজি বিষয়ে শিক্ষার্থীদের বেশি সমস্যায় পড়তে হচ্ছে। এছাড়াও শূন্য রয়েছে পদার্থ, রসায়ন, জীববিদ্যা, আইসিটি, ভূগোল, গণিত ও কৃষিশিক্ষা বিষয়ের প্রদর্শকের পদ।

এ ব্যাপারে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. এনায়েত্ হোসেন বলেন, শিক্ষক সংকটের কারণে লেখাপড়া ব্যাহত হচ্ছে। তিন জন ইংরেজি প্রভাষকের স্থলে রয়েছেন একজন। আর একজন খণ্ডকালীন ইংরেজি শিক্ষক নিয়ে কোনো রকমে চালিয়ে নেয়া হচ্ছে। তিনি আরো বলেন, অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ দেওয়ার জন্য দুই বার আবেদন করা হলেও নিয়োগ দেওয়া হয়নি।