ব্রাহ্মণবাড়িয়ায় শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ

আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ২১:২৬

ব্রাহ্মণবাড়িয়ার ঘাটুরায় আট বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামে এ ঘটনা ঘটে। ঐ শিশুটি ঘাটুরা গ্রামের ঘাটুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। বর্তমানে শিশুটি জেলা সদর হাসপাতালে চিকিত্সাধীন। অভিযুক্ত কাজী পাভেল (৩৫) ঘাটুরা গ্রামের কাজী বাড়ির মৃত কাজী আনু মিয়ার ছেলে।

শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুটির বাবা গরুর দুধ বিক্রি করে জীবিকা নির্বাহ করত। প্রতিদিন তিনি ঘাটুরা গ্রামের কাজী বাড়ির কাজী পাভেলের বাড়িতে দুধ বিক্রি করতেন। বৃহস্পতিবার শিশুটির বাবা কাজের চাপ থাকায় স্কুলে যাবার পথে শিশুটিকে কাজী পাভেলের বাড়িতে দুধ দিতে পাঠান তার মা। শিশুটি দুধ দিয়ে আসার সময় কাজী পাভেল তার মুখে চাপ দিয়ে বাড়ির নিচতলার একটি কক্ষে নিয়ে যৌন নিপীড়ন করে। এ সময় কেউ একজন এসে দরজায় ধাক্কা দিলে শিশুটিকে ছেড়ে দেয় কাজী পাভেল।

শিশুটির মা জানান, দুধ দিয়ে বাড়ি ফিরে এসে কাঁদতে কাঁদতে সে আমাকে সবকিছু খুলে বলে। ঘটনাটি জানার পর পাভেল আমাদের হুমকি দেয় কাউকে যেন না জানাই। রাতে মেয়ের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের গাইনী ওয়ার্ডে ভর্তি করি। ঘটনার পর থেকে পাভেল পলাতক রয়েছে। জেলা সদর হাসপাতালের চিকিত্সক জিনান রেজা জানান, শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিমউদ্দিন জানান, আমাদের কাছে ঐ শিশুর পরিবার কোনো অভিযোগ নিয়ে আসেনি। তবে খবর পেয়ে সদর হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।