‘আমার কবরে বেলিফুলের গাছ লাগাবেন’ স্ট্যাটাসের দু’দিন পর দুর্ঘটনায় নিহত ঢাবি ছাত্র

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১৪:৪৮

‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন মালি সাহেব, আমার দেহটা পচে সার হয়ে মিশে যাবে ওই গাছে। আর প্রতিটি ফুলের ঘ্রাণে আপনি আমাকে পাবেন।’ মৃত্যুর ঠিক দুইদিন আগে ফেসবুকে এমন একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছিলেন পাবনায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী হুসাইন কবির অপু (২৫)।

বুধবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে পাবনার সাঁথিয়া উপজেলার মাধপুর-শোলাবাড়িয়া মহাসড়কের শোলাবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হুসাইন সাঁথিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের আব্দুল কাদেরের ছোট ছেলে। তিনি আতাইকুলা থানার আড়িয়াডাংগী উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সন্তান। বৃহস্পতিবার সকাল ১০টায় জানাজা শেষে রঘুনাথপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। হুসাইনের শেষ চাওয়া হিসাবে পরিবারের পক্ষ থেকে তার কবরের পাশে বেলিফুলগাছ লাগানো হয়েছে বলে জানা গেছে।

পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৮ সালে আতাইকুলা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন হুসাইন। রাজশাহী শিক্ষা বোর্ডের মেধাতালিকায় তার অবস্থান ছিল অষ্টম। পরে তিনি নটর ডেম কলেজ ও ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রের তথ্য অনুযায়ী, বুধবার রাতে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে পাবনার উদ্দেশে রওনা হয়েছিলেন হুসাইন। রাত ৯টার দিকে শোলাবাড়িয়া এলাকায় পৌঁছালে কাজিরহাটগামী আব্দুল্লাহ আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় বৃহস্পতিবার আতাইকুলা থানায় মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হলে স্বজনেরা দাফন সম্পন্ন করেন।

ইত্তেফাক/এসজেএস