স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি

খাজার দাবিকে ভিত্তিহীন-দায়িত্বজ্ঞানহীন বললেন প্যাট কামিন্স 

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১৪:৪৮

অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের অন্যতম কলঙ্কিত অধ্যায় ‘স্যান্ডপেপার গেট’ কেলেঙ্কারি নতুন করে উস্কে দিয়েছেন উসমান খাজা। সম্প্রতি প্রকাশিত তার আত্মজীবনীতে উঠে এসেছে এক বিস্ফোরক দাবি। ২০১৮ সালে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনায় ৩ জন শাস্তি পেলেও, খাজার দাবি- বল বিকৃতির এই গোপন পরিকল্পনা সম্পর্কে আসলে দলের সব খেলোয়াড়ই আগে থেকে জানতেন।

তবে খাজার এই দাবিকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও অর্থহীন’ বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। শুক্রবার (১৩ নভেম্বর) সিডনিতে দীর্ঘ সংবাদ সম্মেলনে নিজের অবস্থান পরিষ্কার করেছেন কামিন্স। প্রায় ৬৮ মিনিট ধরে সাংবাদিকদের একের পর এক প্রশ্নের জবাব দেন তিনি।

বিতর্কের সূত্রপাত খাজার সদ্য প্রকাশিত আত্মজীবনী ‘সবর’ থেকে। মঙ্গলবার প্রকাশিত বইটিতে ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরের সেই বল বিকৃতির ঘটনা নিয়ে নতুন দাবি তুলেছেন অস্ট্রেলিয়ার সাবেক এই ওপেনার। তার বক্তব্য, কেপটাউন টেস্টে স্যান্ডপেপার দিয়ে বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে দলের সবাই জানতেন। শুধু স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটের ওপর দায় চাপিয়ে দেওয়াটা ঠিক হয়নি।

খাজার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করে কামিন্স বলেন, ‘খাজা যখন বলছে আমরা সবাই জানতাম, তার অর্থ যদি হয় যে মাঠে স্যান্ডপেপার নিয়ে যাওয়ার বিষয়টি আমাদের জানা ছিল, তাহলে সে শতভাগ ভুল বলছে। গত আট বছর ধরেই আমি একই কথা বলে আসছি। আমি জানতাম না, এমন কিছু ঘটছে।’ 

Cricket Australia will not open another investigation into 'sandpapergate'  | Cricket | Al Jazeera

অজি অধিনায়ক আরও বলেন, ‘উসমান আসলে আরও গুরুতর কিছু কথা বলেছে। সে বলেছে, স্যান্ডপেপার দিয়ে বল বিকৃতির পরিকল্পনার অন্যতম কারিগর ছিলাম আমি এবং আরও কয়েকজন। এটা সম্পূর্ণ ভিত্তিহীন ও অর্থহীন কথা।’

সেই সময় দলের বোলারদের মধ্যে বল বিকৃতির কোনো সম্মিলিত পরিকল্পনা ছিল না বলেও দাবি করেছেন কামিন্স। তিনি বলেন, ‘অবৈধ উপায়ে বল বিকৃতির কোনো বড় পরিকল্পনা ছিল না। কোনো গোপন পরিকল্পনা হয়নি, এ নিয়ে দলের কোনো বৈঠকও হয়নি। বোলাররা একসঙ্গে বসে এমন কিছু করার সিদ্ধান্ত নেয়নি।’

স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নিয়ে সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স

দীর্ঘদিন পর পুরোনো ঘটনার দায় পুরো দলের ওপর চাপানোর চেষ্টা হচ্ছে বলে মনে করছেন কামিন্স। তিনি বলেন, ‘এখানে কয়েক ধরনের বক্তব্য রয়েছে। তাদের দুজনের বক্তব্য সামনে এসেছে। কিন্তু সেদিন ড্রেসিংরুমে ১১ জন ক্রিকেটার ছিল। অর্থাৎ আরও নয়জনের বক্তব্য আছে। আমার মনে হয়, তাদের কথাকেও সমান গুরুত্ব দেওয়া উচিত।’

সংবাদ সম্মেলনে খাওয়াজার বইয়ের আরেকটি বিষয় নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন কামিন্স। আত্মজীবনীতে খাওয়াজা জানিয়েছেন, স্যান্ডপেপার ব্যবহারের সময় ব্যানক্রফটকে সতর্ক থাকতে বলেছিলেন তিনি। এমন বক্তব্য কামিন্সের কাছে অপ্রত্যাশিত।

তিনি বলেন, ‘এই সপ্তাহে জানতে পেরে আমি সত্যিই অবাক হয়েছি যে, উসমান নিজেই স্বীকার করেছে, স্যান্ডপেপার ব্যবহারের সময় ক্যামেরনকে সতর্ক থাকতে বলেছিল। আমি যে উসমানকে চিনি, সে এমন নয়।’

ইত্তেফাক/জেডএইচ