কুকুরের খাঁচায় ভরে শিশুকে মাটিচাপা দিলেন বাবা, ২৪ ঘণ্টা পর উদ্ধার

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১৬:২৭

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে ১১ মাসের একটি শিশুকে মাটিচাপা দেওয়ার ঘটনা ঘটেছে। প্রায় ২৪ ঘণ্টা পর মঙ্গলবার (১০ নভেম্বর) কোয়াহ শার্প নামে সেই শিশুটিকে জীবিত উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

শিশুটিকে উদ্ধারের পর স্থানীয় পুলিশ জানায়, একটি কুকুরের খাঁচার ভেতরে শিশুটিকে প্রথমে রাখা হয়। এরপর খাঁচাটি তোয়ালে দিয়ে মুড়িয়ে জঙ্গলে নিয়ে মাটির কিছুটা নিচে পুঁতে রাখা হয়।

এক সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তা জে কুন বলেন, শিশুটির মা একটি কাজে বাইরে গিয়েছিলেন। তাই শিশুটিকে বাড়িতে বাবার কাছে রেখে যান। এরপর সোমবার থেকে শিশুটি নিখোঁজ ছিল। বিষয়টি পুলিশকে জানানো হয়।

পরে অনুসন্ধানে নেমে বাড়ি থেকে ৪৫ মিটার দূরে জঙ্গলের মধ্যে মাটি খোঁড়ার চিহ্ন দেখতে পায় পুলিশ। সেখান থেকেই শিশুটির সন্ধান পাওয়া যায়। 

পুলিশের এই কর্মকর্তা উল্লেখ করেন, তারা যখন মাটি খুঁড়তে শুরু করেন, তখন শিশুটির কান্না শোনা যায়। এরপর সবাই দ্রুত তাকে বের করে আনেন।

শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে জে কুন বলেন, আশা করা হচ্ছে, সে দ্রুত সুস্থ হয়ে উঠবে। এছাড়া যারা তাকে উদ্ধারের কাজে অংশ নিয়েছিলেন সবাইকে ধন্যবাদ। শিশুটি বেঁচে থাকার এই ঘটনা উদ্‌যাপন করার মতো।

এদিকে শিশুটির বাবা মাইকেল কোমারকে (২৫ বছর) সোমবার রাতেই গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে কী কী অভিযোগ আনা যায়, তা নির্ধারণে সরকারি কৌঁসুলিদের সঙ্গে কাজ করছে পুলিশ।

 

ইত্তেফাক/এনটিএম