মুন্সীগঞ্জে মধ্যরাতে শিশুসন্তানসহ সেতু থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা, উদ্ধার করল পুলিশ

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১৬:৪৫

মুন্সীগঞ্জের মুক্তারপুর সেতুতে শিশু সন্তানকে সঙ্গে নিয়ে ঝাঁপ দিতে উদ্যত এক নারীকে উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর সঙ্গে থাকা শিশুটির বয়স আনুমানিক দেড় বছর। শিশুটি মেয়ে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এক পথচারীর তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কলের মাধ্যমে মা ও শিশুটি প্রাণে বেঁচে যান।

জানা গেছে, ঢাকা থেকে মুন্সিগঞ্জে আসার পথে ইবনে জাহেদ নামের এক যুবক সেতুতে বোরকা পরিহিত ওই নারীকে দেখতে পান। সন্দেহ হওয়ায় তিনি গাড়ি থেকে নেমে ওই নারীর সঙ্গে কথা বলার চেষ্টা করেন। তবে নারী কোনো উত্তর না দেওয়ায় তার সন্দেহ আরও বাড়ে। একপর্যায়ে ওই নারী ঝাঁপ দেওয়ার কথা জানালে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান।

পরে ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম সরকার ও অমল চন্দ্র সরকার ঘটনাস্থলে গিয়ে ওই নারী ও শিশুটিকে উদ্ধার করেন।

মুন্সিগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সজীব দে জানান, পারিবারিক কলহের কারণে ওই নারী হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন। তার বাড়ি মুন্সিগঞ্জ পৌরসভার চরকিশোরগঞ্জ এলাকায়। পরে পুলিশ ওই নারী ও শিশুটিকে উদ্ধার করে তাদের স্বামী ও বাবার উপস্থিতিতে পরিবারের কাছে বুঝিয়ে দেয়।

 
ইত্তেফাক/এসএইচ