ইরানের বিরুদ্ধে এখনই হামলা চালাতে পারি: ট্রাম্প

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১৮:১৯

মার্কিন মিত্র দেশগুলো ও জাহাজ হুমকির মুখে পড়লে ইরানের বিরুদ্ধে এখনই সামরিক শক্তি প্রয়োগ করতে পারেন বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সালেম নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ইরানকে মিত্র দেশ ও মার্কিন জাহাজের বিরুদ্ধে ‘সন্ত্রাস ছড়ানো’ থেকে বিরত রাখতে সামরিক শক্তি প্রয়োগে তিনি দ্বিধা করবেন কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘কোনো দ্বিধা নেই। আমরা এখন এ বিষয়ে খুব ভালো করছি।’

তিনি আরও বলেন, ‘তবে পরিস্থিতি যদি উল্টো দিকে যেতে দেখি, তাহলে আমি সামরিক শক্তি প্রয়োগ করব। এমনকি এখনই তা করার সম্ভাবনাও রয়েছে।’

গত কয়েক মাসে যুক্তরাষ্ট্রের কোনো সেনা হতাহত হয়নি বলেও দাবি করে ট্রাম্প বলেন, ‘গত পাঁচ মাসে আমরা একজন সেনাও হারাইনি। আমরা উপসাগরীয় অঞ্চলের নিয়ন্ত্রণে রয়েছি। পুরোপুরি নিয়ন্ত্রণে।’

ইরানের শাসনব্যবস্থার পতন ঘটাতে ২৬ মাস সময় লাগলেও যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত রাখতে তিনি প্রস্তুত কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘শাসনব্যবস্থা ভেঙে পড়ছে। তাদের সংবাদমাধ্যমের বক্তব্যের সঙ্গে বাস্তবতার অনেক পার্থক্য রয়েছে।’

ইরানের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, দেশটিতে মূল্যস্ফীতি ৩০১ শতাংশে পৌঁছেছে। অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, সেনাদের বেতন দেওয়া হচ্ছে না। দেশটির সামরিক বাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীও ধ্বংস হয়ে গেছে বলেও দাবি করেন তিনি।

ইরানি কর্মকর্তারা নিজেদের অবস্থান নিয়ে ‘বড় বড় কথা বলছেন’ বলেও অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি সতর্ক করে বলেন, ‘কোনো কিছু পরিকল্পনা মতো না হলে আমি সামরিক শক্তি প্রয়োগে দ্বিধা করব না।’

কোনো জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাকে ইরান হত্যা করলে দেশটিকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প। এমন পরিস্থিতি তৈরি হলে ইরান ‘আর বেশি দিন টিকে থাকতে পারবে না’ বলে মন্তব্য করেন তিনি।

উপস্থাপক হিউ হিউইট প্রশ্ন করেন, ‘আপনার মেয়াদ শেষে যদি ইরানের ওই উগ্রপন্থিরা ক্ষমতায় থাকে, তাহলে সেটি কি আপনার জন্য পরাজয় হবে, নাকি তিন বছরের মধ্যে এটি করা সম্ভব নয়?’

জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, সেটি পরাজয় হবে।’

সূত্র: আনাদোলু এজেন্সি

ইত্তেফাক/এসএইচ