সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে প্রশিক্ষণ দেবে বিআরটিসি

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১৮:২৭

সড়ক দুর্ঘটনা কমানো ও পেশাদার চালকদের দক্ষতা বাড়াতে ২০ হাজার চালককে বিশেষ প্রশিক্ষণ দিতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের (বিআরএসপি) আওতায় পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি আগামী রোববার (১৫ নভেম্বর) শুরু হচ্ছে।

বিআরটিসির তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউটে কর্মসূচির প্রথম পর্যায়ের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

বিআরটিসি সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে দেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠানটির ২৭টি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও কেন্দ্রে পেশাদার চালকদের সড়ক নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে। ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত বিআরএসপি এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের (সিসিপ) আওতায় মোট ৬৮ হাজার নতুন ও পেশাদার চালককে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে বিআরটিসির চলমান কর্মসূচিতে ২০ হাজার চালককে পাঁচ দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ দেওয়া হবে।

এদিকে বিআরটিসির বিভিন্ন প্রকল্পের আওতায় প্রশিক্ষণ নিচ্ছেন উল্লেখযোগ্যসংখ্যক নারী। প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (আইডব্লিউসিএস ও প্রশিক্ষণ) প্রকৌশলী ফাতেমা বেগম বলেন, শুরুতে নতুন নারী প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণ কম থাকলেও দিন দিন তাদের আগ্রহ বাড়ছে। ইতোমধ্যে দুটি প্রকল্পের আওতায় অনেক নারী হালকা যানবাহন চালানোর প্রশিক্ষণ নিয়েছেন।

রিফ্রেশার প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে ফাতেমা বেগম বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন ও বিধিবিধান সম্পর্কে পেশাদার চালকদের জ্ঞান বাড়ানো, নিরাপদ ও প্রতিরক্ষামূলকভাবে গাড়ি চালানোর দক্ষতা অর্জন এবং সড়কে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি জানান, বিআরএসপি প্রকল্পের আওতায় নতুন পেশাদার চালক তৈরিতে চার মাসব্যাপী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অন্যদিকে, আগে থেকেই পেশায় নিয়োজিত চালকদের সচেতনতা ও দক্ষতা বাড়াতে আয়োজন করা হয়েছে পাঁচ দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ।

ফাতেমা বেগম আরও বলেন, এসব প্রশিক্ষণের মাধ্যমে চালকদের নিরাপদে গাড়ি চালানোর অভ্যাস গড়ে তোলা, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করা এবং দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বাড়ানো হবে। পাশাপাশি যাত্রী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে চালকদের ব্যক্তিগত দায়িত্ববোধ জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হবে।

ইত্তেফাক/এমএএম