বিচারের নামে টাকা ভাগাভাগি

বড়াইগ্রামের ছয় জন কারাগারে

আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ২১:২৭

বড়াইগ্রামে এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টায় নামমাত্র বিচার করে জরিমানার টাকা ভাগাভাগি করে নেয়ার ঘটনায় জড়িত ছয়জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়। আটকরা হলো—ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত ভ্যানচালক উপজেলার কুমরুল পূর্বপাড়া গ্রামের বোরহান উদ্দীন, গ্রামপ্রধান কাজল হোসেন, বিপ্লব কুমার বাবলু, ফিরোজ আহমেদ টিপু, মুন্নাফ ও নীহার রঞ্জন।

জানা যায়, গত ১১ আগস্ট দুপুরে বোরহান কুমরুল গ্রামের এক ব্যক্তির বাড়িতে বাজার থেকে কেনা চাল পৌঁছে দিতে যায়। এ সময় বোরহান ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা গৃহবধূকে (৩২) ধর্ষণের চেষ্টা করে। ঘুম থেকে জেগে গৃহবধূ চিত্কার দিলে সে পালিয়ে যায়। বিষয়টি জানালে গ্রামপ্রধানেরা থানায় যেতে নিষেধ করে ২০ আগস্ট মীমাংসা বৈঠকে বোরহানকে সাতটি জুতার বাড়ি দিয়েই বিচার শেষ করেন। একই সঙ্গে ৪০ হাজার টাকা জরিমানা করলেও গৃহবধূকে না দিয়ে পুরো টাকাই প্রধানেরা ভাগাভাগি করে নেন। বিষয়টি জানাজানি হলে বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ গৃহবধূকে থানায় ডেকে এ ব্যাপারে মামলা নেন। পরে রাতে আসামিদের আটক করে পুলিশ।

বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস জানান, তাত্ক্ষণিক ব্যবস্থা নেয়া হয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হয়।