প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হারের পর ঘুরে দাঁড়ানোর দারুণ সুযোগ ছিল বাংলাদেশের মেয়েদের সামনে। দ্বিতীয় ম্যাচে সেই সুযোগ ভালোভাবেই কাজে লাগিয়েছে বাঘিনীরা। জিম্বাবুয়েকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সোবহানা মোস্তারির দল। আজমানের মাঠে ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই আধিপত্য দেখিয়ে ইমার্জিং নেশন্স টুর্নামেন্টে প্রথম জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
তবে জয়ের দিনেও নিয়মিত অধিনায়ক নাহিদা আক্তারকে ছাড়াই খেলতে হয়েছে বাংলাদেশকে। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ডান হাতের আঙুলে চোট পেয়েছিলেন তিনি। সেই চোটের কারণে আজ জিম্বাবুয়ের বিপক্ষে একাদশে রাখা হয়নি তাঁকে। এই টুর্নামেন্টে নাহিদা আর খেলতে পারবেন কি না, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এক্স-রে রিপোর্ট পাওয়ার পরই তাঁর চোটের অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
নাহিদার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে টস করতে নামেন সোবহানা মোস্তারি। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের সামনে সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ে। দলের কোনো ব্যাটারই অর্ধশতকের দেখা পাননি। ৩০ বলে ৪০ রান করে দলের পক্ষে সর্বোচ্চ ইনিংস খেলেন চিপো মুগারি।
জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপে সবচেয়ে বড় আঘাত হানেন রাবেয়া খান। ৪ ওভারে ২৬ রান খরচায় ৩ উইকেট শিকার করেন তিনি। এ ছাড়া দিশা বিশ্বাস ২টি এবং রিতু মনি ১টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের জয়ের পথ অনেকটাই সহজ করে দেন দুই ওপেনার সাথী রানী ও দিলারা আক্তার। উদ্বোধনী জুটিতে ১০৪ রান যোগ করেন তাঁরা। ১৩তম ওভারের শেষ বলে সাথী রানী আউট হলে ভাঙে এই জুটি। ৪৩ বলে ৪৫ রান করেন তিনি।
তবে ততক্ষণে জয়ের ভিত গড়ে দিয়েছিলেন দুই ওপেনার। বাকি কাজটুকু অনায়াসেই শেষ করেন দিলারা আক্তার। টি-টোয়েন্টিতে নিজের দ্বিতীয় অর্ধশতক তুলে নেওয়ার পাশাপাশি দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এই ব্যাটার। ৪৮ বলে ৮টি চারের সাহায্যে ৬৭ রান করে অপরাজিত থাকেন তিনি। অন্য প্রান্তে শারমিন আক্তার ১৩ বলে ৬ রান নিয়ে অপরাজিত ছিলেন।
দুই ম্যাচে একটি জয় নিয়ে ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকার তিন নম্বরে রয়েছে বাংলাদেশ। আগামী ১৬ নভেম্বর নিজেদের পরের ম্যাচে দুই নম্বরে থাকা নেদারল্যান্ডসের মুখোমুখি হবে সোবহানা মোস্তারির দল।
