গ্রামাঞ্চলে বাড়ছে ডেঙ্গু, মশা নিধনের তাগিদ

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৭:০০

দেশে এডিস মশার বিস্তার কমছে না। প্রধানত বর্ষাকালের রোগ হলেও ডেঙ্গুর প্রাদুর্ভাব কমবেশি ১২ মাসই থাকতে পারে। এমন সতর্কবার্তা দিয়েছেন কীটতত্ত্ববিদ ও জনস্বাস্থ্যবিদেরা। তাদের মতে, অক্টোবর-নভেম্বর থেকে বৃষ্টিপাত কমে যায়। তখন ডেঙ্গুর প্রাদুর্ভাব কিংবা জ্বরে আক্রান্ত হার শূন্যের কোটায় নেমে আসে। চলতি বছরে ডেঙ্গু জ্বরে শিশু থেকে সব বয়সের নারী-পুরুষ ব্যাপকহারে আক্রান্ত হয়েছে। ডেঙ্গুতে মৃত্যুর হারও বেড়েছে। অক্টোবর শেষ হয়ে নভেম্বর মাসের অর্ধেক সময় পার হচ্ছে। কিন্তু ডেঙ্গু জ্বরে আক্রান্তের হার কমছে না এবং মৃত্যু হচ্ছে। বিশেষ করে গ্রামাঞ্চলে আক্রান্তের হার ও মৃত্যু বেশি দেখা যাচ্ছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ঢাকা শিশু হাসপাতাল ও বেসরকারি ছয়টি হাসপাতালে সরেজমিনে গিয়ে কর্তৃপক্ষ এবং চিকিত্সকদের সঙ্গে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব সম্পর্কে আলাপকালে তারা বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্তদের মধ্যে গ্রামাঞ্চল থেকে আগতদের সংখ্যা বেশি। মৃত্যু ও আক্রান্তের হারও বেশি। আক্রান্তদের মধ্যে শিশুর সংখ্যাই সর্বাধিক। আইসিডিডিআর,বির

একদল বিজ্ঞানী ডেঙ্গুর প্রাদুর্ভাব ও এডিস মশার বংশ বিস্তার নিয়ে গবেষণার চালিয়ে যাচ্ছেন। সেই টিমের একজন বিজ্ঞানী জানান, গ্রামাঞ্চলে ডেঙ্গু প্রজননের ঘনত্ব বেশি। এ কারণে গ্রামাঞ্চলে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি এবং আক্রান্ত ও মৃত্যুর হার বাড়ছে।

মহাখালী জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিত্সা প্রতিষ্ঠানের (নিপসম) কীটতত্ত্ব বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. গোলাম ছারোয়ার বলেন, এডিস মশার বংশ বিস্তারের নিরাপদ স্থান বর্তমানে গ্রামাঞ্চল। শহরের পাশাপাশি গ্রামাঞ্চলে ব্যাপকহারে ছড়িয়ে পড়ছে। সাধারণত অক্টোবর-নভেম্বর মাসে শহরকেন্দ্রিক এডিস মশার প্রজনন কমে যায়। কিন্তু গ্রামাঞ্চলে এডিস মশার প্রজনন অব্যাহত থাকে। সেখানে প্রজননের অনেক স্থান রয়েছে। সেই স্থানগুলো চিহ্নিত করে গ্রামাঞ্চলে এডিস মশার প্রজনন নির্মূল করতে হবে। অন্যথায় ১২ মাসই ডেঙ্গুর প্রাদুর্ভাব থাকবে। একসময় নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। সময় থাকতে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি পরামর্শ দেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ও জনস্বাস্থ্যবিদ ডা. বেনজীর আহমেদ বলেন, ডেঙ্গুর প্রাদুর্ভাব ১২ মাসই থাকবে কমবেশি। এডিস মশার বংশ বিস্তার রোধ করা সম্ভব হচ্ছে না। এই জায়গায় আমরা ব্যর্থ। শীত মৌসুমে ডেঙ্গুর প্রাদুর্ভাব কমে যাওয়া কিংবা থাকার কথা নয়। কিন্তু উলটো এই সময় ডেঙ্গুর আক্রান্তের হার বেড়ে চলছে। গ্রামাঞ্চলে এই সময় ডেঙ্গুর প্রাদুর্ভাব থাকবে। একইভাবে আক্রান্ত ও মৃত্যু বাড়বে গ্রামাঞ্চলে। সেখানে চিকিত্সা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। গ্রামাঞ্চলে ডেঙ্গু জ্বরের চিকিত্সা ব্যবস্থা ঘাটতি রয়েছে বলে তিনি জানান।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআরের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন বলেন, মশা নিধন ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব। পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম গ্রামাঞ্চলে বেশি করতে হবে। জনবল সংকট থাকলে প্রয়োজনে স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দিয়ে মশক নিধন কার্যক্রমে সম্পৃক্ততার পরামর্শ দেন তিনি।

ঢাকা শিশু হাসপাতালের অধ্যাপক ডা. শফি আহমদ মোয়াজ বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত শিশুদের মধ্যে হেমোজেরিক কারণে শকে চলে যাওয়া শিশুদের সংখ্যা এখন বেশি। গ্রামাঞ্চল থেকে এই ধরনের শিশুরা বেশি আসছে। এ ধরনের শিশুদের আইসিইউ সাপোর্ট ছাড়া বাঁচিয়ে রাখা সম্ভব নয়। ডেঙ্গু জ্বরে আক্রান্তের তুলনায় আইসিইউ সংখ্যা কম। সময়মতো আইসিইউ পাওয়া যাচ্ছে না। অন্যদিকে, চলছে হামের প্রাদুর্ভাব। দুই মিলিয়ে এবার দেখিয়ে দিয়েছে রাজধানী থেকে শুরু করে উপজেলা পর্যন্ত চিকিত্সা ব্যবস্থা কেমন। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ঘুরতেই দীর্ঘ সময় পার হয়ে যায়, এতে আক্রান্ত শিশুদের জটিলতা আরো বেড়ে যায়। স্বাস্থ্য সচেতনতা না থাকায় গ্রামাঞ্চলে জ্বর হলেই পল্লী চিকিত্সক কিংবা ফার্মেসি থেকে ওষুধ কিনে অনেকে শিশুকে খাওয়াচ্ছেন। এ কারণে অনেক শিশু জটিল অবস্থায় ঢাকায় এসে সময়মতো চিকিত্সা না পেয়ে মারা যাচ্ছে বলে তিনি জানান।

দেশের অন্যতম শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আবিদ হোসেন মোল্লা বলেন, ‘উপজেলা পর্যায়ে ডেঙ্গু ও হামের চিকিত্সাব্যবস্থা রয়েছে। ডেঙ্গুর চিকিত্সা ব্যবস্থাপনার গাইড লাইন চূড়ান্ত পর্যায়ে। গাইড লাইন অনুযায়ী চিকিত্সা ব্যবস্থাপনা দিলে আক্রান্তরা সুচিকিত্সা পাবে।

রাজধানীর বিভিন্ন হাসপাতাল ঘুরে দেখা গেছে, রাগীদের প্রচণ্ড ভিড়। সিংহভাগই হাম ও ডেঙ্গু রোগী। সঙ্গে তাদের অভিভাবক। বেশির ভাগ গ্রামাঞ্চল থেকে আসা রোগী। হাসপাতাল কর্তৃপক্ষ এর সত্যতা স্বীকার করে বলেন, ডেঙ্গু ও হামে আক্রান্তদের সামাল দিতে অন্য রোগীদের চিকিত্সা ব্যাহত হচ্ছে। আইসিইউ সংকট রয়েছে। জরুরি অপারেশন কিংবা যে কোনো জটিল অপারেশনের সময় আইসিইউ বেড প্রস্তুত রাখতে হয়। হাম ও ডেঙ্গু আক্রান্তদের সামাল দিতে গিয়ে ঐ সব রোগীদের জন্য আইসিইউ বেড সময়মতো পাওয়া যায় না।

আইইডিসিআরের পরিচালক ডা. জাকির বলেন, ডেঙ্গু মশা নিধনে এ প্রতিষ্ঠানের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। ‘উলবাকিয়া’ অর্থাত্ মশাকে মশা দিয়ে নিধন করার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানার জন্য দুই কর্মকর্তা ব্রাজিলে গিয়েছিলেন। তারা সে পদ্ধতির বিস্তারিত দেখে এসেছেন। এই দেশে বাস্তবায়ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এডিস মশা দুই ধরনের। এক ধরনের মশা ধীরে উড়ে। আরেক ধরনের মশা দ্রুত উড়তে পারে। দ্রুত উড়তে পারা মশাটিই গ্রামাঞ্চলে বেশি রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে কাজ চলছে। বিভিন্ন দেশে টিকা দেওয়া শুরু হয়েছে। আমরাও টিকা আনার বিষয়ে আলাপ-আলোচনা করছি। পাশাপাশি মশা নিধনও অব্যাহত রয়েছে। আশা করি, ডেঙ্গু নিয়ন্ত্রণে আনতে সক্ষম হব।’

ইত্তেফাক/এএম