স্প্যানিশ ফুটবলের দ্বিতীয় বিভাগে তেনেরিফে ও আন্দরার মধ্যকার ম্যাচে ঘটেছিল এক হৃদয়বিদারক ঘটনা। স্প্যানিশ স্ট্রাইকার জেসুস দে মিগেলকে প্রাণঘাতী ফাউল করেন আন্দরার গোলরক্ষক জেসুস ওউনো। পরে মারা যান তেনেরিফের ফুটবলার। এ ঘটনায় গোলরক্ষক ওউনোকে সর্বোচ্চ শাস্তি দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
গত সোমবার (২ নভেম্বর) যখন ঘটনাটি ঘটে, তখন দুই দলই ১০ জন নিয়ে খেলছিল, স্কোর ছিল ২-২। স্টপেজ টাইমের সপ্তম মিনিটে একটি উঁচু বল পেয়ে যান মিগেল। তাকে আটকাতে এগিয়ে আসেন ওউনো। হাফওয়ে লাইনের কাছে হাত দিয়ে বল থামানোর সুযোগ ছিল না আন্দরার গোলকিপারের। তিনি কিক করে বল ক্লিয়ার করতে চান, কিন্তু তার পা জোরে আঘাত করে ৩০ বছর বয়সী দে মিগেলের মাথায়।
কয়েক মিনিট ধরে চলে চিকিৎসা। স্ট্রেচারে করে মিগেলকে মাঠ থেকে বের করে আনা হয়। নেওয়া হয় হাসপাতালে। স্প্যানিশ গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হৃদরোগেও আক্রান্ত হয়েছিলেন স্প্যানিশ স্ট্রাইকার। পরে তার হৃদস্পন্দন ফিরিয়ে আনা হয়। দে মিগেলের অবস্থা সোমবার সন্ধ্যার দিকে স্থিতিশীল ছিল। কিন্তু মঙ্গলবার সকালে তেনেরিফে জানায়, অবস্থার অবনতি হচ্ছে। কিছুক্ষণ পরই তার মৃত্যুর ঘোষণা দেয় ক্লাব।
ওই ঘটনায় স্প্যানিশ ফুটবল ফেডারেশন ওউনোকে ১২ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। কোনো ফাউলের জন্য এটাই সর্বোচ্চ শাস্তি। ওউনোর বিরুদ্ধে মামলা করা যায় কি না, তা তদন্ত করছে পুলিশ।
এর আগে ওউনো এক বিবৃতিতে বলেছিলেন, ‘আমার জীবনের সবচেয়ে কঠিন দিন এগুলো। সঠিক ভাষা খুঁজে পাচ্ছি না আমি। যা ঘটেছে সেটা উপলব্ধি করা আমার জন্য খুব কঠিন। জেসুসকে হারিয়ে আমি অপরিসীম যন্ত্রণা ভোগ করছি। তার পরিবার ও তাকে যারা ভালোবাসতো, তাদের জন্য আমার সমবেদনা।’
তিনি আরও বলেন, ‘আমি জানি সামনে অনেক কিছু হবে। আমার সামনে যাই আসুক না কেন সম্মানের সঙ্গে আমি তার সম্মুখীন হবো। এই মুহূর্তে জেসুস ও আমরা যে যন্ত্রণা পাচ্ছি, সেটার চেয়ে কিছুই ভাবতে পারছি না। শান্তিতে ঘুমাও, জেসুস।’
