ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় লামিয়া (৯) নামের এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ। লামিয়া নামের ওই গৃহকর্মীকে নির্যাতন করার পাশাপাশি তা ভিডিও করে রাখতো অভিযুক্তরা। বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে শহরের মেড্ডা থেকে তাদের আটক করে। আটককৃতরা হলেন- শহরের মেড্ডা সিও অফিস এলাকার রমজান মিয়ার স্ত্রী নেহার সুলতানা (৫০), রমজান মিয়ার বড় মেয়ে রুমানা আক্তার রুম্পা (২২) ও ছোট মেয়ে সুমাইয়া আকতার (১৬)। পলাতক রয়েছে গৃহকর্তা রমজান মিয়া। লামিয়া পৌর এলাকার গোকর্ণঘাটের মৃত কুদ্দুস মিয়ার মেয়ে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল হক জানান, এতিম লামিয়াকে লালন পালনের কথা বলে নিয়ে আসে তার আপন চাচা রমজান মিয়া। রমজান মিয়া বাড়িতে তাকে নিয়ে আসার পর ছোট লামিয়াকে দিয়ে ঘরের ঘর মুছা থেকে শুরু করে থালা-বাসন ধুয়ার কাজ করাতে থাকে। কাজের পাশাপাশি ছোট লামিয়াকে সামান্য ত্রুটিতেই করা হতো শারীরিক ও মানসিক নির্যাতন। নির্যাতন করার সময় তা ভিডিওতে তারা নিজেরাই ধারণ করে রাখতো।
লামিয়ার মা-বাবা বা কোনো অভিভাবক না থাকায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।
