চট্টগ্রামে ছাদের ট্যাংকে তরুণের লাশ

আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ২১:৩০

চট্টগ্রামে নিখোঁজ হওয়ার দু’দিন পর একটি ভবনের ছাদের পরিত্যক্ত পানির ট্যাংকে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে চকবাজার থানার ডিসি রোডের আবু কলোনির দুই তলা একটি ভবন থেকে দুর্গন্ধ ছড়াতে থাকা মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান চকবাজার থানার ওসি নিজাম উদ্দিন।

আনুমানিক ২২ বছর বয়সী ফাহিম নামে ওই তরুণের বাড়ি চান্দগাঁও বলির হাট হলেও কর্মস্থলে যাওয়ার সুবিধার্থে তিনি আবু কলোনিতে চাচার বাসায়ও থাকতেন। তাত্ক্ষণিকভাবে তার ও তার পরিবারের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ওসি নেজাম বলেন, ফাহিমের চাচার বাসার কাছেই ওই ভবনটির ছাদে একটি নষ্ট পানির ট্যাংক ছিল। সেটির উপর কাঠ ও টিন দিয়ে স্টোর রুম হিসেবে ব্যবহার করতেন বাড়ির মালিক। শুক্রবার সেখান দুর্গন্ধ ছড়ালে বাড়ির বাসিন্দারা উত্স খুঁজতে গিয়ে ট্যাংকের ভেতর লাশ দেখে পুলিশকে জানায়।

পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে তিনির বলেন, ২০ আগস্ট সকালে চাকরিতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়েছিল ফাহিম। তবে তার ওই ভবনটিতে যাওয়ার কোনো কারণ জানা যায়নি।