শিশু নিহতের ঘটনায় মাস্টার গ্রেপ্তার, ধর্মঘটে অচল শরীয়তপুর–চাঁদপুর নৌপথ

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১৩:৫৮

শিশু নিহতের ঘটনায় ফেরির মাস্টারকে গ্রেপ্তার ও মামলায় আসামি করার প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) মাস্টার অ্যাসোসিয়েশনের সদস্যরা। 

তাদের ডাকা ধর্মঘটে শনিবার (১৪ নভেম্বর) ভোর ৫টা থেকে শরীয়তপুর–চাঁদপুর নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে দুই ঘাটে দুই শতাধিক যানবাহন আটকা পড়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রী, চালক ও পণ্য পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা।

শনিবার (১৪ নভেম্বর) সকাল থেকে শরীয়তপুরের নরসিংহপুর ও চাঁদপুরের হরিণা ফেরিঘাটে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কাঁচামালবাহী ট্রাকের চালকেরা। সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারায় পচনশীল পণ্য নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তারা।

বিআইডব্লিউটিসি ও নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে চাঁদপুরের হরিণা ঘাট থেকে কাকলি নামের একটি ফেরি শরীয়তপুরের নরসিংহপুর ঘাটের উদ্দেশে ছেড়ে যায়। ফেরিটি ভেদরগঞ্জ উপজেলার বেড়াচাক্কি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি একটি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ফেরিতে থাকা কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। একটি বাসের অংশ বাল্কহেডের সঙ্গে চেপে গিয়ে পাঁচ শিশু আহত হয়। তাদের মধ্যে তরিকুল ইসলাম (১১) নামের এক শিশু ঘটনাস্থলেই মারা যায়।

দুর্ঘটনার পর চাঁদপুরের আলুর বাজার নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা বাল্কহেডের দুই শ্রমিক ও ফেরি কাকলির মাস্টার মোশারফ হোসেনকে আটক করেন। পরে ওই ফাঁড়ির এক উপপরিদর্শক বাদী হয়ে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে চাঁদপুর মডেল থানায় মামলা করেন। মামলায় ফেরির মাস্টার মোশারফ হোসেনসহ চারজনকে আসামি করা হয়েছে।

মাস্টারকে গ্রেপ্তার ও মামলায় আসামি করার প্রতিবাদে ধর্মঘটের ঘোষণা দেয় বিআইডব্লিউটিসির মাস্টার অ্যাসোসিয়েশন। এর পরিপ্রেক্ষিতে শনিবার ভোর থেকে এ নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেন শ্রমিক-কর্মচারীরা।

দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চট্টগ্রাম অঞ্চলে যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ পথ শরীয়তপুর–চাঁদপুর নৌপথ। এ পথে পাঁচটি ফেরির মাধ্যমে প্রতিদিন গড়ে ৪০০ থেকে ৪৫০টি যানবাহন পারাপার করা হয়। হঠাৎ ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এ পথে পণ্য পরিবহন ও যাত্রী চলাচল ব্যাহত হচ্ছে।

ঝিনাইদহের কালীগঞ্জ থেকে সবজি ও কলা নিয়ে চট্টগ্রাম যাচ্ছিলেন ট্রাকচালক মিলন রহমান। শনিবার ভোররাতে নরসিংহপুর ফেরিঘাটে পৌঁছে ফেরি চলাচল বন্ধ দেখতে পান তিনি।

মিলন রহমান বলেন, ‘সকালের বাজার ধরার জন্য কাঁচামাল নিয়ে চট্টগ্রাম যাচ্ছিলাম। ঘাটে এসে দেখি ফেরি চলছে না। আমার মতো কয়েক শ যানবাহন আটকা পড়ে আছে। কখন ফেরি চলবে, তা-ও জানি না। এভাবে বেশি সময় অপেক্ষা করতে হলে কাঁচামাল নষ্ট হয়ে যাবে। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।’

নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, ‘আমাদের ফেরির মাস্টার নির্ধারিত নৌপথ অনুসরণ করে ঘাটে যাচ্ছিলেন। ওই পথে অনুমোদনহীন কয়েকটি বালুভর্তি নৌযান চলাচল করছিল। বেপরোয়া গতির একটি নৌযান ফেরিতে ধাক্কা দিলে বাসের এক শিশু যাত্রী নিহত হয়। অথচ পুলিশ আমাদের ফেরির মাস্টারকে আটক করে তার বিরুদ্ধে মামলা করেছে। এটি মেরিন আইন পরিপন্থী বলে আমরা মনে করি। এ ঘটনার প্রতিবাদে ফেরির শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীরা চলাচল বন্ধ রেখেছেন। আমরা মাস্টারের মুক্তি দাবি করছি।’

এ বিষয়ে নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, ‘দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলা করা হয়েছে। ওই মামলার এজাহারভুক্ত তিন আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে দুর্ঘটনার ক্ষেত্রে বালুভর্তি নৌযানের শ্রমিকদের পাশাপাশি ফেরির মাস্টারেরও অবহেলার তথ্য পাওয়া গেছে। সে অনুযায়ী প্রচলিত আইনেই তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।’

ফেরির শ্রমিক-কর্মচারীরা কী কারণে চলাচল বন্ধ রেখেছেন, সে বিষয়ে তিনি অবগত নন বলেও জানান পুলিশ সুপার।

ইত্তেফাক/এএইচপি