ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৫ শিক্ষার্থী স্থায়ী, ২১ জন সাময়িক বহিষ্কার

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১৯:৩৪

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২৬ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে লোক প্রশাসন বিভাগের পাঁচ শিক্ষার্থীকে স্থায়ী এবং বিভিন্ন বিভাগের ২১ শিক্ষার্থীকে এক থেকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া কয়েকজন শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমানের সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে লোক প্রশাসন বিভাগের পাঁচ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। তারা হলেন ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কাইয়ুম মোস্তফা, আল নাজিব মাহি, মোহাম্মদ আব্দুল কাইয়ুম ও তারিক জামান রাজ এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের মোফাজ্জল হোসেন বরকত।

একই বিভাগের সায়েম হাফিজ সিয়াম, মুজাহেদুল ইসলাম মিম, আব্দুল ফাত্তাহ আকিব ও নবী হোসেন শুভকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া ২০২৪-২৫ শিক্ষাবর্ষের তানবীন ইসলাম, জাহিদুল ইসলাম ও আব্দুল হালিম এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আহসানুল হাবিবকে ভবিষ্যতে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শর্তে সতর্ক করেছে প্রশাসন।

অন্যদিকে, র‍্যাগিংয়ে জড়িত থাকার অভিযোগে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২৪ শিক্ষাবর্ষের ১৭ শিক্ষার্থীর বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে দুজনকে দুই বছর এবং ১৫ জনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

দুই বছরের জন্য বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন সানি নেহালি ও সানাউল করিম। এক বছরের জন্য বহিষ্কৃতরা হলেন শেখ মেহেদি হাসান, আরিফ হোসেন, সৈয়দ সিয়াম আল নাহিয়ান, সাবিরা ওয়াসিমাত সারা, সৈয়দ সাজ্জাদ হোসাইন রোহান, শাহরিয়ার জুবায়ের ফাহিম, সাদমান সাকিব ইরফান, প্রীতম কুমার সরকার, রিয়াদ হাসান, হাজবুত জাহান হাসিব, সাব্বির আহমেদ, এন আর নির্ঝরা, ফাইজা জামান পূর্বা, মেহেদী হাসান ও মাহাথির জিসান।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ ওঠার পর ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়ার পর অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইত্তেফাক/এমএএম