আর্চারের জবাব হ্যাজেলউড

আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ২১:৩৩

আগের দিন লিডস মাতিয়ে রেখেছিলেন জোফরা আর্চার। ৪৫ রানে ছয় উইকেট তুলে নিয়ে ১৭৯ রানে অলআউট করে দিয়েছিলেন অস্ট্রেলিয়াকে। আর্চারকে ছাড়িয়ে যেতে পারেননি জশ হ্যাজেলউড। কিন্তু দলীয় কীর্তিতে ইংল্যান্ডকে ম্লান করে দিয়েছেন তিনি। ৩০ রানে পাঁচ উইকেট নিয়ে ৬৭ রানে অলআউট করে দিয়েছেন ইংল্যান্ডকে। প্রথম ইনিংসে ১১২ রানে পিছিয়ে পড়েছে ইংল্যান্ড।

বিশ্বকাপ জয়ের পরপর ইংল্যান্ডের অ্যাশেজ জয়ের পক্ষে বাজি ধরাই স্বাভাবিক ছিল। কিন্তু প্রথম দুই টেস্টেই ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে তারা। বৃষ্টিবিঘ্নিত তৃতীয় টেস্টে আর্চারের কল্যাণে প্রথম ইনিংসে ভালোই বল করেছিল তারা। কিন্তু নিজেরা ব্যাটিং করতে নেমে একেবারে কেলেঙ্কারি করে ফেলল। জো ডেনলি ১২ রানের ইনিংস খেলেছেন এবং সেটাই ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ। হ্যাজেলউডের ছয় উইকেটের পাশে তিন উইকেট নিয়েছেন প্যাট কামিন্স।