বাংলাদেশের চাপই জিম্বাবুয়ের আত্মবিশ্বাস

আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ০০:৩৩

ঘরের মাঠে সিরিজ হারটা খুব নতুন কিছু নয় বাংলাদেশের ক্রিকেটে। কিন্তু জিম্বাবুয়ের কাছে সিরিজ হারের দুয়ারে দাঁড়িয়ে থাকাটা সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জন্য সবচেয়ে অস্বস্তিকর সময়। সিলেটে ১৫১ রানে হেরে ভীষণ চাপে এখন বাংলাদেশ দল। আর স্বাগতিকদের এই চাপে থাকাই আত্মবিশ্বাস জোগাচ্ছে জিম্বাবুয়েকে। দেশের বাইরে ১৭ বছর পর, পাঁচ বছর পর টেস্ট জিতে দল হিসেবে দারুণ সময় কাটছে জিম্বাবুয়ের।

আজ শুরু হতে চলা মিরপুর টেস্ট জিতে সিরিজ বগলদাবা করতে চায় জিম্বাবুয়ে। সিরিজে সমতা ফেরাতে বাংলাদেশ ক্ষুধার্ত থাকবে বলে ম্যাচটা প্রতিদ্বন্দ্বিতামুখর হবে বলেই বিশ্বাস জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজার।

গতকাল সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, বাংলাদেশের ওপর চাপটা অনেক বড়। ঘরের মাঠে জিম্বাবুয়ের কাছে সিরিজ হার বড়সড় সমালোচনার তোপে ফেলবে স্বাগতিকদের।

মাসাকাদজা বলেছেন, ‘প্রথম টেস্টের পারফরম্যান্স আমাদের প্রচুর আত্মবিশ্বাসী করেছে। এই ম্যাচে নামার আগে এটা দলের জন্য সবসময়ই ভালো। আমরা জানি যে তারা কিছুটা চাপে থাকবে এবং স্বীকার করছি যে সেই চাপটা বড় রকমেরই। সে কারণে আমি বেশ আত্মবিশ্বাসী এ ম্যাচে।’

দল হিসেবে সিরিজ জয়ের লক্ষ্যেই আজ মাঠে নামবে জিম্বাবুয়ে। মাসাকাদজা বলেছেন, ‘দল হিসেবে বেশি জরুরি হচ্ছে আমরা অবশ্যই সিরিজ জেতার চেষ্টা করব। এটা সবসময় ফলাফল হওয়ার মতো উইকেট। আমরা সেজন্যই জানি যে সিরিজ জিততে হলে এখানেও জিততে হবে। দল হিসেবে আমরা অবশ্যই সেটা করার দিকে মনোযোগী এবং আবারও সবসময় তুঙ্গে থাকার চেষ্টাও করব।’

সিরিজ জিততে পারলে দলের জন্য বড় অর্জন হবে। সেই আশাই উদ্দীপ্ত করছে জিম্বাবুয়েকে। গতকাল মাসাকাদজা বলেছেন, ‘নিকট অতীতে আমরা কোনো সিরিজ জিততে পারিনি এবং খুব বেশি ম্যাচই জিততে পারিনি। তাই এখানে জয় নিয়ে বের হতে পারলে সেটা দলের জন্য সত্যিই বড় অনুপ্রেরণা হবে।’

ম্যাচে বাংলাদেশ লড়বে সিরিজ হার এড়ানোর জন্য। মাহমুদউল্লাহদের জয়ের ক্ষুধা ম্যাচটা জমিয়ে দিবে বলে আশা জিম্বাবুয়ে অধিনায়কের। তিনি বলেন, ‘তারা অবশ্যই ক্ষুধার্ত থাকবে এবং আমাদের বিরুদ্ধে চড়াও হবে। তারা খুবই গর্বিত ও ভালো দল। আমরা কঠিন লড়াই প্রত্যাশা করছি। তারা কঠিন হয়ে চড়াও হয়ে সিরিজে সমতা আনবে এটাও আশা করছি। কিন্তু আমরাও তাদের একটা ভালো ম্যাচ উপহার দিতে প্রস্তুত।’