দ. আফ্রিকার সহকারী কোচ ক্লুজনার

আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ২১:৩৩

অলরাউন্ডার হিসেবে দক্ষিণ আফ্রিকা দলের হয়ে এক সময় বিশ্ব মাতিয়েছেন ল্যান্স ক্লুজনার। অবশেষে আবার সেই দলের কাঠামোতে ফিরলেন তিনি। এবার স্বল্প সময়ের জন্য দলের ব্যাটিং সহকারী কোচের দায়িত্ব পালন করবেন এই সাবেক অলরাউন্ডার। ভারত সফরে শুধু টি-টোয়েন্টি সিরিজের অংশতে এই দায়িত্বে থাকছেন ক্লুজনার। অন্যদিকে ভারত সফরে বোলিং সহকারী কোচ থাকবেন ভিনসেন্ট বার্নস। আর ফিল্ডিং সহকারী কোচ হিসেবে থাকবেন জাস্টিন অনটং। দক্ষিণ আফ্রিকার হয়ে ৪৯টি টেস্ট ও ১৭১টি ওয়ানডে খেলেছেন ক্লুজনার। এর আগে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া দল ডলফিনসের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন তিনি। এ ছাড়া ছিলেন জিম্বাবুয়ে জাতীয় দলের ব্যাটিং কোচ। ইউরো টি-টোয়েন্টি স্লামে গ্লাসগো জায়ান্টসের প্রধান কোচও ছিলেন তিনি।