গণপিটুনি রোগ হইতে রাষ্ট্র কবে আরোগ্য লাভ করিবে?

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৪০

চোর সন্দেহে একজন মানুষকে ধরিয়া লওয়া হইল। অতঃপর বাঁশ ও তার দিয়া পিটানো, হাত-পা বাঁধিয়া গুদামে লইয়া প্রায় দুই ঘণ্টা নির্যাতন। শেষ পর্যন্ত মৃত্যু। গতকাল ইত্তেফাকের প্রথম পাতায় প্রকাশিত প্রতিবেদনে বলা হইয়াছে, চট্টগ্রামের পতেঙ্গায় ২৬ বৎসর বয়সি মোবারক ইসলামের ভাগ্যে ঠিক এই পরিণতিই ঘটিয়াছে। গত বৃহস্পতিবারের এই ঘটনায় তাহার বিরুদ্ধে চুরির অভিযোগ উঠিয়াছিল; কিন্তু অভিযোগের সত্যতা যাচাই করিবার জন্য আইন-আদালত রহিয়াছে, পুলিশ রহিয়াছে। সেই পথে না গিয়া একদল মানুষ নিজেরাই বিচারক ও জল্লাদ সাজিলেন কেন? একজন মানুষকে পিটাইয়া মারিবার এই অধিকার তাহাদের কে দিয়াছে? এই প্রশ্নগুলির উত্তর কে দিবে? ইহার উত্তর জরুরি। কারণ ইহার সহিত আমাদের রাষ্ট্র ও সমাজের অস্তিত্ব জড়িত।

গণপিটুনির ঘটনা লইয়া আমরা ইতিপূর্বেও একাধিক বার লিখিয়াছি; কিন্তু বারবার একই ধরনের ঘটনা ঘটিতেছে। চুরির অভিযোগ, ছেলেধরা সন্দেহ, ধর্মীয় অনুভূতিতে আঘাত কিংবা ব্যক্তিগত বিরোধ-কোনো না কোনো অজুহাতে মানুষকে পিটাইয়া হত্যা করা হইতেছে। ইহা কেবল উন্মত্ত জনতার কয়েক মুহূর্তের আবেগ নহে। ইহার পিছনে রহিয়াছে বিচারব্যবস্থার প্রতি অনাস্থা, আইন প্রয়োগের দুর্বলতা, বিচারহীনতার সংস্কৃতি, সংঘবদ্ধ শক্তির দাপট এবং হীনস্বার্থ চরিতার্থ করিবার ঘৃণ্যকৌশল। পৃথিবীর অন্য দেশেও এই ব্যাধি গুরুতর সামাজিক ও রাষ্ট্রীয় সংকট তৈরি করিয়াছে। ভারতেও বিভিন্ন গুজবকে কেন্দ্র করিয়া বিভিন্ন সময়ে মব লিঞ্চিংয়ের ঘটনা ঘটিয়াছে। পাকিস্তানে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করিয়া জনতার হাতে হত্যাকাণ্ডের যথেষ্ট নজির রহিয়াছে। নাইজেরিয়ায় চুরি ও ডাকাতির অভিযোগে জনতার হাতে পিটাইয়া হত্যার ঘটনা দীর্ঘদিন ধরিয়া উদ্বেগের কারণ। দক্ষিণ আফ্রিকায় অপরাধ দমনে পুলিশের ব্যর্থতার অভিযোগ ও বিচারব্যবস্থার প্রতি অনাস্থা বিভিন্ন এলাকায় ভিজিল্যান্টি গোষ্ঠী এবং জনতার সহিংসতাকে উৎসাহিত করিয়াছে। দেশসমূহের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা এক নহে; কিন্তু একটি বিষয়ে মিল রহিয়াছে। রাষ্ট্রের বিচারিক কর্তৃত্ব দুর্বল হইলে জনতা সেই শূন্যস্থান দখল করিতে চাহে।

ইহার পরিণতি ভয়াবহ। প্রথমত, আইনের শাসন দুর্বল হয়। অপরাধের বিচার আদালতে না হইয়া রাস্তার জনতার হাতে চলিয়া গেলে নাগরিকের ন্যায়বিচার পাওয়ার অধিকার অনিশ্চিত হইয়া পড়ে। দ্বিতীয়ত, সংখ্যালঘু, দরিদ্র ও সামাজিকভাবে দুর্বল মানুষের নিরাপত্তা বিপন্ন হয়। তৃতীয়ত, গুজব, সাম্প্রদায়িক বিদ্বেষ ও রাজনৈতিক প্রতিহিংসা ছড়াইবার সুযোগ বাড়ে। সর্বোপরি, রাষ্ট্রের প্রতি নাগরিকের আস্থা কমিয়া যায়। দীর্ঘ মেয়াদে ইহা গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সামাজিক সংহতি, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক বিকাশকে ক্ষতিগ্রস্ত করে। রাষ্ট্র যদি নাগরিকের জীবন রক্ষা করিতে না পারে, তাহা হইলে সেই রাষ্ট্রের উন্নয়ন-অর্জনও শেষ পর্যন্ত প্রশ্নবিদ্ধ হইয়া পড়ে।
আমাদের দেশে গণপিটুনি অতীতেও ছিল, তবে গত দুই-তিন বৎসরে গণপিটুনির যেই ব্যাপকতা দেখা গিয়াছে-তাহা বিশেষভাবে উদ্বেগজনক। অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই ধরনের সহিংসতা প্রতিরোধে দৃশ্যমান কঠোরতার অভাব জনমনে হতাশা ও দায়মুক্তির ধারণা তৈরি করিয়াছিল। এখনকার রাষ্ট্রীয় কর্তৃপক্ষের সামনে তাই দায়িত্ব আরও অধিক। প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত, জড়িত সকলকে শনাক্তকরণ, দ্রুত বিচার এবং অপরাধীর রাজনৈতিক বা সামাজিক পরিচয় নির্বিশেষে শাস্তি নিশ্চিত করিতে হইবে। ইহার পাশাপাশি পুলিশি তৎপরতা, স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা এবং গুজব প্রতিরোধে কার্যকর ব্যবস্থা প্রয়োজন।

একটি বিষয় অনুধাবন করিতে হইবে-জনতাই যদি আদালতে পরিণত হয়, তাহা হইলে আদালতের মর্যাদা কোথায় থাকে? আজ মোবারক চোর সন্দেহে প্রাণ হারাইলেন, কাল অন্য কোনো নিরপরাধ মানুষ একই পরিণতির শিকার হইতে পারেন। যেই সমাজে অভিযোগই মৃত্যুর কারণ, সেইখানে কেহই নিরাপদ নহে। রাষ্ট্রের হাতে আইন থাকিবে, আদালতের হাতে বিচার থাকিবে; জনতার হাতে থাকিবে মানবিকতা ও সংযম। এই সীমারেখা মুছিয়া গেলে সভ্যতার অগ্রযাত্রা থামিয়া যায়। আমরা কি সেই অন্ধকারের দিকেই হাঁটিতেছি?

ইত্তেফাক/এমএস

এ সম্পর্কিত আরও পড়ুন