জুভেন্তাস শেষ আট মৌসুমে বেশ কয়েকবার চ্যালেঞ্জের মুখে পড়লেও শেষমেশ সিরি আ শিরোপা জিততে সক্ষম হয়েছিল। আন্তনিও কন্তে এবং ম্যাসিমিলানো অ্যালেগ্রির পর এবার নতুন কোচ মাউরিজিও সারির অধীনে উপভোগ্য ফুটবল খেলে শিরোপা জিততে চায় দলটি। আজ রাতে পার্মার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা রক্ষার মিশন শুরু করবে ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্তাস।
কোচ সারি অবশ্য নিউমোনিয়ার কারণে ডাগআউটে প্রথম দুই ম্যাচে থাকবেন না বলে জানিয়েছিল ক্লাবটি। বিশেষজ্ঞদের ধারণা, জুভেন্তাসের জন্য এবার বড়ো বাধা হয়ে দাঁড়াবে ন্যাপোলি এবং ইন্টার মিলান। কারণ চ্যাম্পিয়নদের মতো এ দুটি দলও শক্তি বাড়িয়েছে।
সর্বশেষ ২০১০ সালে অন্য কোনো দল সিরি আ জিতেছিল। এসি মিলানের ওই সাফল্যের পর টানা আটবার জিতে সিরি আ ট্রফিকে নিজেদের সমপত্তিই বানিয়ে ফেলেছে জুভেন্তাস। আন্তনিও কন্তের অধীনে তিনটি এবং সর্বশেষ ম্যাসিমিলানো অ্যালেগ্রির অধীনে জিতেছিল পাঁচটি শিরোপা।
কোচ সারির ফুটবল দর্শন এ দুজনের থেকে অনেকটাই ভিন্ন। কন্তে আর অ্যালেগ্রি যেখানে কিছুটা ইতালীয় রক্ষণাত্মক ঘরাণার সেখানে সারি বল নিজেদের পায়ে ধরে রেখে খেলার দর্শনে বিশ্বাসী। চলতি মৌসুমে জুভেন্তাসে এসে ইতিমধ্যেই তার দর্শন ছড়িয়ে দিয়েছেন বলে জানিয়েছেন নবাগত মিডফিল্ডার আদ্রিয়ান র্যাবিও। ফরাসি এই মিডফিল্ডার বলেন, ‘সারি আমাদের দারুণভাবে তৈরি করেছেন এবং তার দর্শন আমাদের মাঝে ছড়িয়ে দিয়েছেন।’
গেলবার রোনালদোকে দলে ভেড়ানোর পর এবারও বেশ কিছু খেলোয়াড় দলে এনেছে জুভেন্তাস। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক আয়াক্স অধিনায়ক ম্যাথিয়াস ডি লিখট। এছাড়া জিয়ানলুইজি বুফন, অ্যারন র্যামসে এবং র্যাবিওদের মতো অভিজ্ঞ কিছু খেলোয়াড়কে ফ্রি ট্রান্সফারে দলে এনেছে তারা। ফলে নতুন মৌসুমে শিরোপা ধরে রাখার জন্য বেশ শক্তিশালী এক দলই পাচ্ছেন সারি।
এই সারির অধীনেই এক মৌসুম আগে জুভেন্তাসকে বেশ শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে দাঁড় করিয়ে দিয়েছিল ন্যাপোলি। ইতালীয় এই কোচ ওই মৌসুম শেষেই পাড়ি জমান চেলসিতে। সেখানে এক বছর কাটিয়ে আবার ফিরেছেন ইতালিতে, ন্যাপোলির প্রতিদ্বন্দ্বীদের ডেরায়।
ন্যাপোলি কোচ কার্লো অ্যানচেলত্তির অধীনে ইতিমধ্যেই এক মৌসুম কাটিয়েছে । গেল মৌসুমটা ভালো না কাটলেও চলতি দলবদলে বিশ্বকাপ মাতানো তরুণ ফরোয়ার্ড হার্ভিং লোজানো এবং রোমা ডিফেন্ডার কন্সতান্তিনোস মানোলাসকে দলে এনেছে তারা। দলে বড়ো তারকা না থাকলেও কোচ অ্যানচেলত্তির সেরাটা বের করে আনার ক্ষমতা আছে। অন্যদিকে সারির দর্শনের সঙ্গে মানিয়ে নিতে জুভেন্তাসের কিছু সময় লাগবে। এ কারণগুলোয় ন্যাপোলি ১৯৯০ সালের পর আবারও শিরোপার দাবিদার। আজ রাতে ফিওরেন্তিনার বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামবে দলটি।
শিরোপার অন্যতম দাবিদার ইন্টার মিলান চীনা মালিকদের অধীনে দলবদলে সক্রিয় ছিল। নতুন কোচ আন্তনিও কন্তের চাহিদানুযায়ী রোমেলু লুকাকুকে দলে এনেছে তারা। এছাড়া এসেছেন অ্যাটলেটিকো মাদ্রিদ ডিফেন্ডার ডিয়েগো গোডিন। আলাপ চলছে অ্যালেক্সিস সানচেজকে আনার ব্যাপারেও।
এত কিছুর পরেও জুভেন্তাসকেই এগিয়ে রাখছেন ইতালির কোচ রবার্তো মানচিনি, ‘জুভেন্তাসই এখানে সবচেয়ে শক্তিশালী। তারা শেষ আট বছরের বিজয়ী এবং চলতি মৌসুমে আরও শক্তিশালী হয়েছে, এটা মোটেও ভুলে যাওয়া চলবে না আমাদের। ন্যাপোলিকে বিপজ্জনক মনে হয় আমার। তাদের দলটা একসঙ্গে অনেক বছর ধরে খেলছে। যেখানে ইন্টার চার-পাঁচটা জায়গায় পরিবর্তন এনেছে এবং ইকার্দি-পেরিসিচের মতো গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড় হারিয়েছে।’
