লিভারপুল-আর্সেনাল মুখোমুখি আজ

আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ২১:৩৬

লিভারপুল ও আর্সেনাল নিজেদের প্রথম দুই ম্যাচে দুই জয় নিয়ে তালিকায় সবার ওপরে আছে। আর্সেনাল থেকে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে আছে লিভারপুল। তবে আজ যখন লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে দুই দল মুখোমুখি হবে তখন একটি দলের নিরঙ্কুশ ব্যবধানে শীর্ষে উঠে যাওয়ার হাতছানি থাকছে।

দিনের অন্য ম্যাচে নরউইচ সিটির আতিথ্য নেবে চেলসি। আর নিজেদের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেড খেলবে ক্রিস্টার প্যালেসের বিপক্ষে। গেল মৌসুমের ক্ষুরধার ফর্মটা এবারও ধরে রেখেছে লিভারপুল। প্রথম ম্যাচে নরউইচ সিটিকে হারিয়েছিল তিন গোলের ব্যবধানে। পরের ম্যাচে সাউদাম্পটনের বিপক্ষে কষ্টার্জিত জয় পেলেও আর্সেনাল কোচ উনাই এমেরি বেশ সমীহই করছেন প্রতিপক্ষ অল রেডদের। তিনি বলেছিলেন, ‘লিভারপুলের বিপক্ষে কখনোই খেলতে চাই না আমরা।’

তবে এমেরির এমন মন্তব্যকে রসিকতা হিসেবেই দেখছেন ক্লপ, ‘এমনটা সে মনে করে না। সে এমন রসিকতা করেই থাকে। আমরা একে হালকাভাবেই নিচ্ছি। তবে আমরা এমনই দল হতে চাই যার মুখোমুখি কেউ হতে চায় না।’

আর্সেনাল সম্পর্কে ভালো জানাশোনা থাকলেও প্রতিপক্ষের খেলার ধরনে ভিন্নতা আনার সম্ভাবনা ভাবাচ্ছে ক্লপকে। জার্মান কোচের ভাষায়, ‘দুটো দলই আক্রমণাত্মক। আর্সেনাল সম্ভবত দুটো গুরুত্বপূর্ণ জায়গায় পরিবর্তন আনবে। পেপে ও শাকা সম্ভবত শুরু থেকেই খেলবে এবং এসব তাদের কোনোভাবেই দুর্বল করে দেয় না। দলগুলো প্রায়ই আমাদের বিপক্ষে ভিন্নভাবে খেলে। এতে আমাদের কাজ কিছুটা কঠিন হয়ে পড়ে।’