খেজুরের রস ছাড়াই তৈরি হচ্ছিল গুড়, কারখানায় মিলল চুন-চিনি-রাসায়নিক

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ২১:০৩

রাজশাহীর বাঘা উপজেলায় খেজুরের রস ছাড়াই চিনি, চুন, রং ও বিভিন্ন রাসায়নিক দ্রব্য মিশিয়ে তৈরি করা হচ্ছিল খেজুরের গুড়। এ অভিযোগে দুই ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে তাদের মোট দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৫ নভেম্বর) সকালে উপজেলার বাউসা ইউনিয়নের পীরগাছা নতুনপাড়া গ্রামে এবং গত বৃহস্পতিবার রুস্তুমপুর গ্রামে এসব অভিযান চালানো হয়।

রোববার সকাল আটটার দিকে পীরগাছা নতুনপাড়া গ্রামের ব্যবসায়ী নাসির উদ্দীন সরকারের বাড়িতে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত জাহান।

স্থানীয় সূত্রে জানা যায়, নাসির উদ্দীন সরকার নিজ বাড়িতে কারখানা স্থাপন করে দীর্ঘদিন ধরে চিনি, চুন, রং, হাইড্রোজ, ফিটকিরি, ডালডা, আটা ও বিভিন্ন রাসায়নিক দ্রব্য মিশিয়ে ভেজাল গুড় তৈরি করে আসছিলেন। খবর পেয়ে পুলিশকে সঙ্গে নিয়ে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত জাহান বলেন, কারখানায় খেজুরের গুড় তৈরি করা হলেও তাতে একটুও খেজুরের রস ব্যবহার করা হচ্ছিল না। অভিযানে কারখানাটি ধ্বংস করা হয়েছে। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে এবং জব্দ করা গুড়ও ধ্বংস করা হয়েছে।

 
ইত্তেফাক/এসজে