বগুড়ার সোনাতলায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি: লুট ৩১ ভরি স্বর্ণসহ ও ৬ লাখ টাকা

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ২১:৫১

বগুড়ার সোনাতলা উপজেলায় অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি ও ভয়ভীতি দেখিয়ে ৩১ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ৬ লাখ টাকা লুট করে নিয়ে গেছে ডাকাতদল। রোববার (১৪ নভেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার দিগদাইড় ইউনিয়নের শিহিপুর দক্ষিণপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিহিপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত মজিবুর রহমান মণ্ডলের ছেলে ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. মোয়াজ্জেম হোসেন মণ্ডল (৭৫) তার দোতলা বসতবাড়িতে পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করেন। গভীর রাতে একদল সশস্ত্র ডাকাত নিচতলার জানালার গ্রিল কেটে অত্যন্ত সুকৌশলে বাড়ির ভেতরে প্রবেশ করে।

ভুক্তভোগী অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোয়াজ্জেম হোসেন জানান, ডাকাতদল প্রথমে নিচতলায় প্রবেশ করে ৪ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫ লাখ টাকা লুট করে। এরপর তারা তার বড় ছেলের স্ত্রী মোছা. কামরুল নাহার নূরের (৩০) শয়নকক্ষে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে স্টিলের আলমারি ও ড্রয়ার ভেঙে আরও প্রায় ১৫ ভরি স্বর্ণালঙ্কার লুট করে। পরবর্তীতে দলের একজন নিচে পাহারায় থেকে অন্যরা দোতলায় উঠে সিঙ্গাপুর প্রবাসী ছোট ছেলের স্ত্রী মোছা. মায়া খাতুনের (২৬) কক্ষে প্রবেশ করে। সেখান থেকে আলমারি ভেঙে প্রায় ১২ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১ লাখ টাকা লুট করে নেয় তারা। সবমিলিয়ে ডাকাতরা ৩১ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৬ লাখ টাকা লুট করে পুরো পরিবারকে নিঃস্ব করে দিয়েছে।

সংবাদ পেয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবীর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি কবীর হোসেন জানান, দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে এই লুটপাট চালিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের হয়নি, তবে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ইত্তেফাক/এএম