বাস চাপায় মোটরসাইকেল চালক ও ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ২১:৪০

রামপুরা ব্রিজের ওপরে বাস চাপায় মোটরসাইকেল চালক আব্দুল কাদের ও মাতুয়াইলে একটি মিনি ট্রাকের চাপায় মোস্তাক আহমেদ নামে এক পথচারী নিহত হয়েছে। গতকাল শুক্রবার সকালে দুর্ঘটনা দুটি ঘটে।

আবদুল কাদেরের ছেলে শিক্ষানবিশ পুলিশ কর্মকর্তা (পিএসআই) আসাদ জানিয়েছেন, মেরুল বাড্ডা থেকে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন তার বাবা আবদুল কাদের। এ সময় রামপুরা ব্রিজে একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে আহত হন তিনি। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। তাদের বাড়ি দোহার এলাকায়। বর্তমানে মেরুল বাড্ডার আনন্দনগর এলাকায় থাকেন তারা। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনার পরই ট্রাফিক পুলিশ বাসটি জব্দ করেছে। এছাড়া বাসের চালক পুলিশ হেফাজতে আছে। বিস্তারিত ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে যাত্রাবাড়ীর মাতুয়াইল মেডিক্যালের বিপরীত পাশে রাস্তা পারাপারের সময় মিনি ট্রাক চাপায় নিহত হন মোস্তাক আহমেদ। পথচারী রাজু আহমেদ জানান, সকালে রাস্তা পার হচ্ছিলেন মোস্তাক আহমেদ। এ সময় একটি মিনি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। মোস্তাকের গ্রামের বাড়ি চাঁদপুরে। তিনি মাতুয়াইল কোনাপাড়া এলাকায় থাকতেন।